বাংলাদেশের ছয় ঋতুর রূপ, প্রকৃতি ও গ্রামীণ জীবনের গল্পকে এক অনন্য ফ্যাশন সংগ্রহে রূপ দিয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহুুদা ইসলাম হানি। ‘ছয়ের ছন্দ’ (Rhythm of Six) নামের এই কালেকশনটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন কালেকশন ডেভেলপমেন্ট স্টুডিও কোর্সের চূড়ান্ত প্রকল্প হিসেবে তৈরি করা হয়েছে। এর সমন্বয়ক ছিলেন আফসানা ফেরদৌসী।
নকশাবিদ হানি বিশ্বাস করেন, প্রতিটি ঋতু প্রকৃতির এক স্বতন্ত্র ছন্দ বহন করে। সেই ছন্দই রঙ, টেক্সচার, মোটিফ ও সিলুয়েটের বিন্যাসে ফুটে উঠেছে এই সমাহারে। ‘ছয়ের ছন্দ’ তাই হয়ে উঠেছে বাংলাদেশের ঋতুবৈচিত্র্য ও মানুষের জীবনযাপনের এক সৃজনশীল উপস্থাপনা। সংগ্রির সবচেয়ে চিত্তাকর্ষক বৈশিষ্ট্য হলো, প্রতিটি পোশাকই যেন একটি জীবন্ত চিত্রপট।
স্বচ্ছ অরগাঞ্জা কাপড়ের উপর হাতে আঁকা চিত্র, সূচিকর্ম ও পুঁতির অলংকরণের মিশেলে ফুটে উঠেছে গ্রীষ্ম থেকে বর্ষা, শরৎ থেকে হেমন্ত, শীত ও বসন্তের গল্প। কালার প্যালেটেও শিক্ষার্থী নকশাবিদের মুনশিয়ানার পরিচয় মেলে। সমগ্র সংগ্রহটি সাজানো হয়েছে সফট টোন ও প্যাস্টেল রংয়ে।
একটি নকশায় হলুদের বিস্তীর্ণ খেত, গাছ, গ্রামের পথ ও মানুষের উপস্থিতির সমন্বয়ে তৈরি হয়েছে প্রাণবন্ত গ্রামবাংলার দৃশ্যপট। সেই আবহকে পরিপূর্ণ করতে পোশাকটির সঙ্গে রাখা হয়েছে পাখি-মোটিফের হাতে তৈরি ব্যাগ। আরেকটি নকশায় আকাশি ও ধূসর আভায় ফুটে উঠেছে বর্ষাকালের মেঘ, নদী, নৌকা, বৃষ্টিরেখা ও নদীতীরের সবুজ প্রকৃতি। পোশাকটির নিচের অংশে কড়ি ও নীল টেসেলের ব্যবহারও দৃষ্টি কাড়ে।
স্বচ্ছ অরগাঞ্জার একটি শ্রাগের পিছনে সূক্ষ্ম কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে খোলা মাঠ, দোলনায় দুলতে থাকা শিশু, গাছপালা, কুঁড়েঘর ও সূযের দৃশ্য। নিচের অংশে রঙিন অরগাঞ্জার স্তর এবং লম্বা রঙিন ফিতার ব্যবহার পোশাকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সংগ্রহের অন্যান্য নকশায়ও ফুটে উঠেছে আঁকাবাঁকা মেঠো পথ, পাকা ধানের খেত, কৃষকের কর্মব্যস্ততা এবং গ্রামীণ বসতি। সব মিলিয়ে বাংলার হেমন্ত যেন ধরা দিয়েছে এক পরিধানযোগ্য শিল্পকর্মে।
পুরুষদের পোশাকেও একই নান্দনিক ধারা বজায় রাখা হয়েছে। স্বচ্ছ অরগাঞ্জার শার্টে হাতে আঁকা চিত্র ও সূচিকর্মে ফুটিয়ে তোলা হয়েছে ফুলে ভরা গাছ, গ্রামের পথ, মানুষ, নদীতীর এবং সবুজ প্রকৃতির দৃশ্য। অপর এক নকশায় পুকুরজুড়ে ভাসমান শাপলা, সাঁতার কাটা হাঁস, তালগাছ, লাল টালির ঘর ও মেঘলা আকাশ মিলিয়ে তৈরি হয়েছে বাংলার শান্ত গ্রামীণ পরিবেশ।
অ্যাকসেসরিজেও ছিল একই ভাবনার প্রতিফলন। পাখির আকারের হাতে তৈরি ব্যাগ, গ্রামীণ মোটিফ-সংবলিত হ্যান্ডব্যাগ, কড়ি, টেসেল ও রঙিন ফিতার ব্যবহার পুরো কালেকশনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। প্রতিটি অনুষঙ্গ মূল নকশারই সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করেছে। দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক ফ্যাশনের ভিড়ে নিজের সংস্কৃতি ও প্রকৃতিকে সমকালীন নকশার মাধ্যমে তুলে ধরার এমন প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।




