ফুটবল মাঠে গোল করার জাদু দেখান হ্যারি কেইন, তবে গলফ কোর্সেও যে তিনি কম যান না তা সম্প্রতি প্রমাণ পেয়েছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। কিছুদিন আগে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছিলেন, ইংল্যান্ড দলের অধিনায়কের সঙ্গে তাঁর গলফ খেলা হয়েছে। সেই সঙ্গে কেইনকে ‘ভালো গলফার’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে আজ রাত ৩টায় মাঠে নামার কথা ইংল্যান্ডের। ম্যাচের আগের দিন মায়ামিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই সেই বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন হ্যারি কেইন। ট্রাম্পের সঙ্গে গলফ খেলার মুহূর্তটিকে ‘পরাবাস্তব’ আখ্যা দেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। কেইন জানান, প্রায় দেড় বছর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের সঙ্গে এই গলফ সেশনটি হয়েছিল। সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি আসলে খুব ভালো খেলেছিলাম। পাম বিচে থাকার সময় তিনি আমাকে একসঙ্গে খেলার প্রস্তাব দেন। যখন দেশের প্রেসিডেন্ট আপনাকে আমন্ত্রণ জানান, তখন না বলার উপায় থাকে না।’ প্রেসিডেন্টের আমন্ত্রণ রক্ষা করতে পেরে তিনি খুশি। কেইন আরও বলেন, ‘ওনার সঙ্গে দেখা করা এবং গলফ খেলা ছিল এক অদ্ভুত পরাবাস্তব অভিজ্ঞতা। সত্যি বলতে, তিনি বেশ ভালো গলফ খেলেন। আমি আশা করি, তাঁর বয়সে পৌঁছে আমিও তাঁর মতো সুন্দর গলফ খেলতে পারব। এটি আমার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত এবং আমন্ত্রণের জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’ চলমান বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচের পর ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কেইনের প্রশংসা করে লেখেন, ‘ইংল্যান্ডের হ্যারি কেইন এক দুর্দান্ত খেলোয়াড়!’ পরের দিন ট্রাম্প গণমাধ্যমের কাছে জানান, তাঁরা দুজনে একসঙ্গে গলফও খেলেছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় কেইন একজন গ্রেট খেলোয়াড়। আমি তাঁর সঙ্গে গলফ খেলেছি এবং তাঁকে আমার ভীষণ পছন্দ। ও একজন ভালো গলফার। সত্যিই ও দারুণ।’