চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে ২৮০টি ইয়াবা ট্যাবলেটসহ বরিশালের জয়ন্তী নদী থেকে আটক করেছে নৌ পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম দেলোয়ার হাওলাদার (৩৩), তাঁর বাড়ি বরিশালের মুলাদী থানার সফিপুর ইউনিয়নের বজ্রমোহন গ্রামে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ট্রলারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা নৌ পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল জয়ন্তী নদীতে পূর্বাহ্নেই অবস্থান নেয়। উপপরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন খানের নেতৃত্বে ওই দলটি রাতে সন্দেহভাজন ট্রলারটির গতিরোধ করে। পরে আটক দেলোয়রকে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে দেলোয়ারের পরিহিত লুঙ্গির বাম পাশের কোঁচড় থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে আলো জ্বালিয়ে সেগুলো খুলে ২৮০টি হালকা গোলাপি রঙের ইয়াবা বড়ি গণনা করা হয়। পুলিশ আইন ও বিধি অনুসরণ করে ঘটনাস্থলেই জব্দতালিকা তৈরি করে সাক্ষীদের সাক্ষর নেওয়া হয়, এবং ইয়াবা ও ট্রলারটি হেফাজতে নেওয়া হয়।
দেলোয়ার হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে। নৌ পুলিশ জোর দিয়ে বলেছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স অভিযান চালিয়ে যাওয়া হবে।




