গত বছরের ডিসেম্বরে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে এক পোশাক কারখানার শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত ব্যক্তির নাম দিপু চন্দ্র দাস। তিনি পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানায় কাজ করতেন। ওই ঘটনার পর তার পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সম্প্রতি সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা। সংগঠনটির পক্ষ থেকে নিহতের স্ত্রী, বাবা ও মাকে এক লাখ টাকা প্রদান করা হয়। গত সোমবার তারাকান্দা উপজেলায় দিপু দাসের বাড়িতে যান সংগঠনের অর্থ সম্পাদক অরূপ কুমার ঘোষ। তিনি সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ওই অর্থ তুলে দেন। অরূপ কুমার ঘোষ জানান, দিপু দাসকে প্রথমে বেধড়ক পিটিয়ে হত্যার পর কয়েক কিলোমিটার দূরে একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন দেওয়া হয়। উপার্জনক্ষম এই ব্যক্তির মৃত্যুতে পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ছোট্ট একটি সহায়তা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায়। ওই রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে কারখানা থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে মরদেহ ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।