দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর ওপর থেকে ফিফার আরোপিত শেষ নিষেধাজ্ঞাটিও প্রত্যাহার করা হয়েছে। ফলে নতুন মৌসুমে ক্লাব লাইসেন্সিং, খেলোয়াড় নিবন্ধন এবং ম্যাচ খেলায় ক্লাবটির আর কোনো প্রতিবন্ধকতা রইল না। এর আগে আবাহনীর বিরুদ্ধে মোট তিনটি নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। সেগুলোর মধ্যে দুটি ইতোমধ্যে প্রত্যাহার হয়ে গিয়েছিল; আজ রাতে সর্বশেষ নিষেধাজ্ঞাটিও উঠে যাওয়ায় ক্লাবটি সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞামুক্ত হলো।
ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের ক্লাবগুলোর বিরুদ্ধে বর্তমানে ১৫টি নিষেধাজ্ঞা সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১০টি নিষেধাজ্ঞা বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। এক সময় কিংসের নিষেধাজ্ঞার সংখ্যা ছিল ১৪টি; এখন পর্যন্ত ৪টি প্রত্যাহার করা সম্ভব হয়েছে। এছাড়া ফকিরেরপুল ইয়ংমেন্সের বিরুদ্ধে দুটি এবং শেখ জামাল ধানমন্ডি ও সকার ক্লাব ফেনীর বিরুদ্ধে একটি করে নিষেধাজ্ঞা বহাল আছে।
উল্লেখ্য, নিষেধাজ্ঞা সত্ত্বেও ফকিরেরপুল ইয়ংমেন্সকে প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে ক্লাবটি এখনো নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারছে না, যা তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, আবাহনীর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এখন সবার নজর ক্লাবটির নতুন দল গঠনের দিকে। ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপের মাধ্যমে নতুন ঘরোয়া মৌসুম শুরুর কথা ছিল। কিন্তু বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা না ওঠায় প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ আগস্ট ফেডারেশন কাপ শুরু হবে। এরপর ২৮ ও ২৯ আগস্ট থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত না হওয়ার কারণ হিসেবে কিংসের নিষেধাজ্ঞাকেই দায়ী করা হচ্ছে।




