এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ইসতি মেডিক্যাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল। আজ রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসাইনের আদালত তাঁকে আগামী ১৪ জুলাই পর্যন্ত জামিনের আদেশ দেন। পাঁচ লাখ টাকার মুচলেকায় তিনটি শর্তে এই জামিন মঞ্জুর করা হয়েছে।

আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার জানান, কারাগারে যাওয়ার পাঁচ দিনের মাথায় ফয়সাল জামিন পান। জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে, জামিনের অপব্যবহার করা যাবে না এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাওয়া নিষিদ্ধ।

এর আগে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন মোহাম্মদ ফয়সাল। তবে সেই জামিনের মেয়াদ শেষ হলে গত মঙ্গলবার তিনি আইনজীবীর মাধ্যমে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত ফয়সাল ভুক্তভোগীর আত্মীয়। ২০২৫ সালের জুন মাসে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি ভুক্তভোগীকে বাইরে নিয়ে যান। একপর্যায়ে তাঁকে ধূমপান করানোর চেষ্টা করেন। এরপর গুলশানের একটি অফিসে ডেকে নেওয়া এবং বাসায় পৌঁছে দেওয়ার পথে গাড়ি চালানো শেখানোর কথা বলে কৌশলে যৌন নিপীড়ন চালান বলে অভিযোগ।

এজাহারে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি গোপন রাখলেও মানসিকভাবে ভেঙে পড়েন। পরে গত ১৭ এপ্রিল এক অনুষ্ঠানে অভিযুক্তকে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর ২৩ এপ্রিল ভুক্তভোগীর বাবা গুলশান থানায় মামলাটি দায়ের করেন।