গতকাল শনিবার রাত পৌনে ৯টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী এক অভিযানের সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন। মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের গ্রাম্য সড়কে এ ঘটনা ঘটে। মাদক কেনার জন্য ভুয়া ক্রেতা সেজে ওই এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে হামলা চালায়। হামলায় আহতরা হলেন উপপরিদর্শক (এসআই) হায়দার আলী (রানা), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকিব, কনস্টেবল আমিনুল ইসলাম, কনস্টেবল খোকন ও কনস্টেবল রনজিৎ সিংহ। আহতদের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় আজ রোববার দুপুরে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে। অপরটি বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে। সরকারি কাজে বাধার মামলায় এসআই হায়দার আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করেছেন। বিশেষ ক্ষমতা আইনের মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তবে এই মামলায় দুই আসামির নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না।
ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। একপর্যায়ে হামলাকারীদের মধ্য থেকে দুজনকে আটক করা হয়। আটকরা হলেন মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) ও জারিয়া-মাসকান্দা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আলী আকবর (২৮)। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দেব বলেন, আলী আকবর প্রায় দুই মাস আগেও ৬০০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে গত সোমবার কারাগার থেকে বের হন তিনি। তারপর আবারও মাদক কারবারে জড়িত থাকার তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আটকদ্বয়কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।




