আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এইউএসটিটিএএ) ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার—বিয়ন্ড দ্য ক্লাসরুম’ শীর্ষক একটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বাস্তব পরিবেশের মধ্যকার ফারাক দূর করা। ক্যাম্পাসের এম এইচ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রোগ্রামে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন রাখা হয়। এসব সেশনে বাস্তব শিল্পজ্ঞান, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, পেশাগত মানসিকতা এবং কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল টেক্স হিউ লিমিটেড, কো–স্পনসর হিসেবে ছিল এফসিএল এবং ইন্ডাস্ট্রি নলেজ পার্টনার হিসেবে ছিল অ্যাপারেল টাইমস বিডি। এই প্রতিষ্ঠানগুলো শিল্পভিত্তিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে অংশীদার হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আশরাফুল হক। তিনি বলেন, বর্তমান বিশ্ববাজারের পোশাকশিল্পে সফলতা অর্জনের জন্য একজন প্রকৌশলীর প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি পেশাদারত্ব, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত জরুরি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ফয়জুর রহমান শিক্ষার্থীদের শিল্পমুখী করতে এ উদ্যোগের ভূমিকার প্রশংসা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ও টেক্স হিউ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর মোরশেদ আল আজিম বলেন, তাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট করানো নয়; বরং এমন পেশাজীবী তৈরি করা যারা শিল্পে প্রথম দিন থেকেই মূল্য যোগ করতে সক্ষম হবে। এই কর্মসূচিতে পাঠ্যবইয়ের বাইরে গিয়ে শিক্ষার্থীদের সামনে শিল্পের বাস্তব চিত্র ও দৈনন্দিন চ্যালেঞ্জ তুলে ধরা হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল—বাংলাদেশের পোশাকশিল্প ও বৈশ্বিক সাপ্লাই চেইন, স্পিনিং, নিটিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও গার্মেন্টস উৎপাদন, মার্চেন্ডাইজিং ও সোর্সিং কার্যক্রম, কমার্শিয়াল ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পেশাগত যোগাযোগ ও স্টেকহোল্ডার ব্যবস্থাপনা, ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির প্রস্তুতি, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিল্পের বাস্তবতার মধ্যে পার্থক্য।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাকিব সারোয়ার, মার্চেন্ডাইজিং ম্যানেজার, জার্মান ব্র্যান্ড লিয়াজোঁ অফিস; এম এম এ ইয়াসিন, মানবসম্পদ বিভাগের প্রধান, ইশহো লিমিটেড; কামরুজ্জামান রিয়েল, প্রজেক্ট লিড, ব্র্যান্ড লিয়াজোঁ অফিস; ইমরান খান, কান্ট্রি ম্যানেজার, ব্র্যান্ড লিয়াজোঁ অফিস; এবং গোলাম সারওয়ার আনিক, সহকারী মহাব্যবস্থাপক (ডাইং), অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড। বাস্তব কেস স্টাডি, সমস্যা সমাধানভিত্তিক আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের শিল্প–উপযোগী মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।