আর্জেন্টিনার ফুটবল ও বিনোদন জগতে বর্তমানে সবচেয়ে আলোচিত জুটি হলেন রদ্রিগো দি পল ও টিনি স্তোসেল। দি পল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অন্যতম সদস্য, অন্যদিকে টিনি একজন জনপ্রিয় পপশিল্পী ও অভিনেত্রী। ২০২২ সালে প্রথম তাদের সম্পর্কের খবর প্রকাশ পায়। এরপর ২০২৩ সালে সাময়িক বিচ্ছেদ ঘটলেও ২০২৫ সালে আবারও একত্রিত হন তারা। সবশেষ ২০২৬ সালের মে মাসে বাগদানের মাধ্যমে এই সম্পর্ক নতুন মাত্রা পায়।

মঞ্চনাম টিনি নামে বিশ্বব্যাপী পরিচিত এই শিল্পীর আসল নাম মার্তিনা স্তোসেল। তার কর্মজীবন শুরু হয় কিশোরী বয়সে, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত লাতিন আমেরিকার ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘ভিওলেত্তা’য় অভিনয়ের মাধ্যমে। এরপর ২০১৬ সালে প্রথম অ্যালবাম ‘টিনি’ প্রকাশ করেন তিনি, যা আর্জেন্টিনার সংগীত তালিকায় শীর্ষস্থান দখল করে এবং ইউরোপের কয়েকটি দেশের সেরা দশে জায়গা করে নেয়। ২০১৮ সালে দ্বিতীয় অ্যালবাম ‘কিয়েরো ভলভের’ প্রকাশিত হয়, যা ইউরোপীয় চার্টেও সফলতা পায়।

২০২০ সালে প্রকাশিত ‘টিনি টিনি টিনি’ অ্যালবামটি তাকে আরও বড় সাফল্য এনে দেয়। এই অ্যালবামটি আর্জেন্টিনার ইতিহাসে কোনো নারী শিল্পীর সর্বোচ্চ বিক্রিত অ্যালবামের রেকর্ড গড়ে। ২০২৩ সালে ‘কুপিদো’ অ্যালবামের গান যেমন ‘মিয়েন্তেমে’, ‘বার’ ও ‘লা ত্রিপলে তি’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিশেষ করে ‘কুপিদো’ ২০২০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড সেরা দশ অ্যালবামের তালিকায় স্থান পাওয়া প্রথম আর্জেন্টাইন অ্যালবামগুলোর একটি। ২০২৪ সালে প্রকাশিত সর্বশেষ অ্যালবাম ‘উন মেচোন দে পেলো’তেও ‘পা’-এর মতো জনপ্রিয় গান রয়েছে। এখন পর্যন্ত চারটি বড় বিশ্বসফর করেছেন টিনি, এবং বর্তমানে ‘ফুতুরা ওয়ার্ল্ড ট্যুর’ ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত চলবে। বিশ্বখ্যাত ডিজে স্টিভ আওকি, লাতিন পপশিল্পী বেকি জি এবং ব্রাজিলিয়ান পপ তারকা আনিত্তার সঙ্গেও কাজ করেছেন তিনি।

রদ্রিগো দি পল ও টিনির সম্পর্কের সূত্রপাত ২০২২ সালের আগস্ট মাসে। তখন ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে সম্পর্কের কথা জানান দি পল, যার ক্যাপশনে তিনি লেখেন, ‘এই দিনগুলোর জন্য ধন্যবাদ।’ এর আগে আর্জেন্টাইন মডেল কামিলা হোমসের সঙ্গে ১২ বছরের সম্পর্ক ছিল দি পলের, যা ২০২২ সালে বিচ্ছেদে গিয়ে শেষ হয়। সেই সম্পর্ক থেকে তার দুই সন্তান—মেয়ে ফ্রান্সেসকা ও ছেলে বাউতিস্তা। টিনির সাথে সম্পর্ক শুরু হলেও এক বছরের মধ্যে তা ভেঙে যায়। ২০২৩ সালের আগস্টে টিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘রদ্রিগো ও আমি আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। এমন একজন মানুষকে জানার সুযোগ পেয়েছি, যাকে আমি ভালোবাসি ও সম্মান করি।’

২০২৫ সালের এপ্রিলে স্পেনের মাদ্রিদে একটি টেনিস ম্যাচে আবার একসঙ্গে দেখা যায় তাদের। এরপর সম্পর্ক পুনরায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেন তারা। নিজেদের ব্যস্ত ক্যারিয়ারের মধ্যেও একে অপরের বড় সমর্থক হিসেবে ছিলেন দি পল ও টিনি। ২০২২ বিশ্বকাপ জয়ের আগে টিনিকে উদ্দেশ করে দি পল লিখেছিলেন, কঠিন সময়ে যখন অনেকে তার পাশে ছিলেন না, তখন টিনি তার হাত ধরে বলেছিলেন—‘তুমি একা নও।’ অন্যদিকে বুয়েনস এইরেসে টিনির কনসার্ট সফল হওয়ার পর দি পল তাকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘তোমার সাফল্য দেখে আমি গর্বিত।’ টিনিও নিয়মিত দি পলের ফুটবল ম্যাচে উপস্থিত থেকে সমর্থন দিয়েছেন এবং ২০২৬ বিশ্বকাপেও তাকে গ্যালারিতে দেখা গেছে।

২০২৬ সালের মে মাসে দি পল ইনস্টাগ্রাম স্টোরিতে টিনির বাগদানের আংটির ছবি প্রকাশ করেন। মারকুইজ আকৃতির হীরার আংটির ছবির সাথে তিনি লেখেন, ‘তুমি আমার জীবনের সঙ্গী, আমার সবচেয়ে বড় পাওয়া। তুমি সব সময় আমার পাশে থেকো। আমি তোমাকে ভালোবাসি।’ পিপল ডট কমের তথ্যের ভিত্তিতে এই খবর প্রকাশিত হয়েছে।