কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের সঙ্গে স্থানীয় ছাত্রদল নেতা ফখরুল ইসলামের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসকের কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রোজী আক্তার। সভায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, জুলাই আন্দোলনে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জুলাই আন্দোলনে ঢাকায় নিহত লাকসামের জিসানের বাবা নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ তোলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাকে হত্যার হুমকি দিচ্ছেন। এই প্রসঙ্গে কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কুমিল্লায় আসার পর ফ্যাসিস্টরা ফিরে এসেছে। আপনি তাঁদের গ্রেপ্তার করছেন না। আমরা তথ্য দিলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। জিসানের বাবাকে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।’
পুলিশ সুপার আনিসুজ্জামান এর জবাবে বলেন, জিসান ঢাকায় নিহত হয়েছেন এবং সেখানে মামলা হয়েছে। তিনি রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে তথ্যপ্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান জানিয়ে বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। আপনার বহু আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছি। যাঁকে আপনার পছন্দ হয় না, তাঁকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন অনুযায়ী নির্ধারণ হবে।’
ঘটনা সম্পর্কে জানতে চাইলে গতকাল রাতে কুমিল্লার পুলিশ সুপার দাবি করেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। বর্তমানে পুলিশ পেশাদারত্বের সঙ্গে হারানো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে পুলিশকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে।
পুলিশ সুপার আরও দাবি করেন, ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় হওয়া বিভিন্ন মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ রয়েছে। তিনি কুমিল্লায় যোগদানের পর মামলা-বাণিজ্যের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় ওই নেতা পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করছেন। তবে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পুলিশ সুপারের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘পুলিশ সুপারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনো প্রমাণ থাকলে অনেক আগেই আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।’
গত বছরের ৩০ নভেম্বর কুমিল্লার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন মো. আনিসুজ্জামান। নিজেকে ছাত্রদলের সাবেক কর্মী হিসেবে উল্লেখ করার বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে চাকরিতে যোগদানের পর থেকে তিনি পেশাদারত্বের সঙ্গেই দায়িত্ব পালন করছেন বলে জানান।




