বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনে আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহি (পুরুষ)’ পদে নতুন জনবল নেওয়ার জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই ২০২৬। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য শিক্ষাগত, শারীরিক ও বয়স সংক্রান্ত সুনির্দিষ্ট যোগ্যতা উল্লেখ করা হয়েছে।

প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের জন্য সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬ মিটার) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫ মিটার) নির্ধারণ করা হয়েছে। ওজনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) বাধ্যতামূলক। বুকের মাপ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এছাড়া দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকতে হবে।

বয়সসীমার ক্ষেত্রে ১৯ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের গাজীপুরের সফিপুরে অবস্থিত ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি’তে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়ন আইন ও বিধিমালা অনুযায়ী অঙ্গীভূত হয়ে কাজ করতে হবে। অঙ্গীভূত হওয়ার পর রেশন, পোশাক ও ব্যাটালিয়নের নিয়ম অনুযায়ী অন্যান্য নির্ধারিত সুযোগ-সুবিধা ও ভাতা প্রদানের ব্যবস্থা রয়েছে।

আবেদন প্রক্রিয়ার জন্য প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে। আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ২০০ টাকা বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জমা দিতে হবে। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং নিজস্ব কলম আনতে হবে।