প্রথমবারের মতো টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে নিউজিল্যান্ড ‘এ’ দল। উল্লেখ্য, ২০২২ সাল থেকে এই টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ার ডারউইনে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে। কিউই দলটি তাদের এই সফরসূচীতে ১৩ জন আন্তর্জাতিক খেলোয়াড়কে সংযুক্ত করেছে, যা দলটির গভীরতার পরিচায়ক। টি-টুয়েন্টি সিরিজ ছাড়াও সফরকারীরা সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া এবং নেপাল জাতীয় দলের বিপক্ষে কয়েকটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হাই পারফরম্যান্স দল এবং টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজিভুক্ত তরুণ খেলোয়াড়দের উন্নতির সুযোগ তৈরি করা। আগামী ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে এ বছরের আসর, যেখানে বাংলাদেশ এইচপি দলসহ মোট ৯টি দল শিরোপার জন্য লড়বে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছে নিউজিল্যান্ড ‘এ’, নেপালের জাতীয় দল, শিকাগো কিংসমেন, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেনস এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইক। সেমিফাইনাল ও ফাইনালের আগে প্রতিটি দল ছয়টি করে গ্রুপপর্বের ম্যাচ খেলবে। নিউজিল্যান্ড ‘এ’ ও বাংলাদেশ এইচপির মধ্যে ম্যাচটি নির্ধারিত হয়েছে ২৭ আগস্ট।
নিউজিল্যান্ডের দলটিতে ১৩ জন আন্তর্জাতিক ক্রিকেটারের তালিকা করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযাগ্য হলেন ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে, জেডেন লেনক্স, বেন লিস্টার, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, মুহাম্মদ আব্বাস, টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, বেভন জ্যাকবস ও রিস মারিউ।
স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ১৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত বাঁহাতি জেডেন লেনক্স। তাকে সহযোগিতা করবেন লেগ স্পিনার আদিত্য অশোক এবং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। অন্যদিকে, পেস বোলিং আক্রমণটি হবে ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাট ফিশার, বেন লিস্টার ও জাক গিবসন। এই পেস ইউনিটকে সমর্থন দেবেন পেস বোলিং অলরাউন্ডার মুহাম্মদ আব্বাস ও জশ ক্লার্কসন।
এমন একটি মজবুত দল পাঠানোর কারণ ব্যাখ্যা করে নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্স ডেভলপমেন্টের প্রধান পিট সানফোর্ড জানান, দেশের শীতকালে অস্ট্রেলিয়ার ঘাসের উইকেটে অংশ নেওয়ার মাধ্যমে খেলোয়াড়রা সামনের ঘরোয়া আন্তর্জাতিক মৌসুমের জন্য চমৎকার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। তিনি আরও যোগ করেন, একটি শক্তিশালী দল ঘোষণা করা তাদের জন্য আনন্দের এবং এটি তাদের খেলোয়াড়ের গভীরতাকে প্রমাণ করে।
বাংলাদেশ হাই পারফরম্যান্স দল মালয়েশিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শেষ করলেই টপ এন্ড সিরিজের জন্য তাদের চূড়ান্ত দল ঘোষণা করবে। বর্তমান দলের বেশির ভাগ খেলোয়াড়ই এই নতুন চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সম্ভাবনা রাখে।