কে-পপ জগতের অন্যতম আলোচিত নাম জেনি। দক্ষিণ কোরিয়ার এই সংগীতশিল্পী মূলত ব্ল্যাকপিংক দলের সদস্য হিসেবেই বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। ২০১৬ সালে ওয়াইজি এন্টারটেইনমেন্টের ব্যানারে ব্ল্যাকপিংকের যাত্রা শুরু হয়। দলটির প্রথম সিঙ্গেল ‘স্কয়ার ওয়ান’–এর অন্তর্ভুক্ত ‘হুইসেল’ ও ‘বুম্বাইয়া’ গান দুটি তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত পরিচিত করে তোলে। ব্ল্যাকপিংকের অভিষেকের আগেই জি–ড্রাগনের মতো শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলানোর অভিজ্ঞতা ছিল তাঁর।
একক ক্যারিয়ারের দিকে তাকালেও জেনির সাফল্য কম নয়। ২০১৮ সালের নভেম্বরে প্রকাশিত ‘সোলো’ ছিল তাঁর প্রথম একক গান। এরপর ২০২৩ সালে বের হয় ‘ইউ অ্যান্ড মি’। দুটি গানই দারুণ সাড়া ফেলে ভক্তদের মধ্যে। একক উদ্যোগকে আরও এগিয়ে নিতে ২০২৩ সালের শেষভাগে তিনি প্রতিষ্ঠা করেন ‘অড অ্যাটেলিয়ার’ নামের নিজস্ব সংস্থা। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই নিজের একক সংগীতযাত্রাকে নতুন মাত্রা দিচ্ছেন জেনি। ২০২৪ সালে প্রকাশ করেন ‘মন্ত্র’ শিরোনামের গানটি। আর ২০২৫ সালে আসে তাঁর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম ‘রুবি’। অ্যালবামটি বিলবোর্ড ২০০ চার্টে সপ্তম অবস্থানে অভিষেক হয়, যা একজন একক শিল্পী হিসেবে তাঁর আন্তর্জাতিক অবস্থানকে আরও সুসংহত করে।
একক ক্যারিয়ারের পাশাপাশি ব্ল্যাকপিংকের সঙ্গেও সক্রিয় আছেন জেনি। বর্তমানে দলটি ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরের কনসার্ট করছে। একই নামে তাদের তৃতীয় ইপি প্রকাশিত হয়েছে। সংগীতের বাইরেও জেনি কে-পপ জগতের অন্যতম প্রভাবশালী ফ্যাশন আইকন হিসেবে বিবেচিত। বিশেষ করে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের সঙ্গে তাঁর দীর্ঘমেয়াদি সম্পর্ক তাঁকে বিশ্ব ফ্যাশন অঙ্গনের একটি পরিচিত মুখে পরিণত করেছে। এই ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে তিনি নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে অংশ নিচ্ছেন।


