ইলেকট্রনিক পাসপোর্টের নকশায় বড় ধরনের রদবদল এনেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশে ই-পাসপোর্টের জলছাপে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের জুলাইয়ে আন্দোলনের সময় নিহত তিন শহীদের ছবি — রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, উত্তরার আজমপুরের মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম — পাসপোর্টের পৃষ্ঠায় স্থান পাবে। ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ নামে এ তিনজনের প্রতিকৃতি সংযোজিত হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ বাক্যাংশ পুনর্বহাল করা হয়েছে। ছয় বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় এটি বাদ দেওয়া হয়েছিল। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে সম্প্রতি এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গেই এই পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ। নতুন নকশায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রাকৃতিক সম্পদের প্রতীক স্থান পেয়েছে। জলছাপে থাকছে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের ঝাউবন (নৌকা ছাড়া), টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম, রাজশাহীর আমবাগান, পানামনগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ ও জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্ম। অন্যদিকে পূর্ববর্তী নকশায় থাকা অনেক উপাদান বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও মুজিবনগর স্মৃতিসৌধ। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে। ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠার অনুমোদিত জলছাপে নতুন ছবি থাকবে বলেও অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে।
নকশা বদলে পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ পুনর্বহাল, জুলাই অভ্যুত্থানের ছবি সংযোজন
সরকার ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ ফিরিয়ে এনেছে। জলছাপে যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি। পূর্ববর্তী নকশায় থাকা বঙ্গবন্ধু সমাধি, পদ্মা সেতু, মেট্রোরেলসহ বেশ কিছু স্থাপনা বাদ পড়েছে। পুরোনো পাসপোর্টে কোনো পরিবর্তন নেই, নবায়নের সময় পাওয়া যাবে নতুন সংস্করণ।




