গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। গতকাল রোববার সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত লটারির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। গণপূর্ত মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লটারির আয়োজনে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৬৭ জন সহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়েছে। একই দিনে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (ই/এম) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, সহকারী প্রকৌশলী পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৭ জন প্রকৌশলীকে বদলি বা পদায়ন করা হয়েছে।

অপরদিকে, উপবিভাগীয় প্রকৌশলী পদে ঢাকা বিভাগে ৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জনকে বদলি বা পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই লটারির আয়োজন করা হয়। লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান এবং স্বপন চাকমা।

এছাড়াও অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ও আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব এবং উপসচিব মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়েছিল।