‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করা ইসরাত তিথি এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ–৪ পেয়ে সবার নজর কেড়েছেন। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এ বছর পরীক্ষায় অংশ নেন তিনি। তবে তার এই পথচলা কিন্তু মসৃণ ছিল না। নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়লেও ধারাবাহিকটির শুটিংয়ের চাপ বেড়ে যাওয়ায় বিজ্ঞানের পড়াশোনা চালিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসেন তিনি। এরপর স্বল্প সময়ে নতুন বিভাগের প্রস্তুতি নিতে হয় তাকে। তবে টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথম স্থান অর্জনও করেছেন ইসরাত।

শুটিং সেটে কাজের ফাঁকে ফাঁকে বই খুলে পড়াশোনা করতে হতো তাকে। এমনকি এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই তরুণী। টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল বলে জানান তার মেজ বোন সাফিনা। সোমবার দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, ইসরাতের এই সাফল্যে পুরো পরিবারই আনন্দিত। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও সে অনেক পরিশ্রম করেছে। তার এই প্রচেষ্টাই আজ সাফল্য এনে দিয়েছে।

তিন বোনের মধ্যে ছোট ইসরাতের এ অর্জনে উচ্ছ্বসিত তার পরিবারের সবাই। ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ইসরাত। সেখানে তিনি লেখেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই যেন তার জন্য দোয়া করেন সেটিও কামনা করেছেন তিনি।

ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’তে অভিনয় করে ইতোমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ইসরাত তিথি। জনপ্রিয় এই নাটকে তার অভিনয় প্রশংসিত হলেও এবার শিক্ষাজীবনেও তিনি যে কম যাননি সেটিই প্রমাণ করলেন।