বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালীতে ট্রানজিট ফি আরোপের সম্ভাবনা ইতোমধ্যেই ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। সেই উদ্বেগ এখন আরও একধাপ বেড়ে গেছে। তেল খাতের বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, এই টোল যুদ্ধ শুধু হরমুজেই সীমাবদ্ধ থাকবে না। তাদের মতে, পরবর্তী লক্ষ্য হতে পারে মালাক্কা প্রণালী। বিশ্বের সবচেয়ে ব্যস্ত জ্বালানি পরিবহন করিডোরগুলোর একটি এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে সেখানে যদি কোনো ফি বা টোল আরোপ করা হয়, তাহলে তা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে বিশাল প্রভাব ফেলবে। বিনিয়োগকারীদের একটি বড় অংশ মনে করছেন, হরমুজের ঘটনা একটি নজির তৈরি করতে পারে এবং ভবিষ্যতে পণ্যবহনের অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথেও একই ধরনের চাপ সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে বিনিয়োগের ঝুঁকি বেড়ে যাওয়ায় তারা সতর্ক অবস্থান নিচ্ছেন।