দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পেশাজীবীরা সম্প্রতি দুই দিনের জন্য কর্মব্যস্ততা ভুলে ফুটবলের উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন। গিফটির উদ্যোগে আয়োজিত ফার্মা কাপ–২০২৬ টুর্নামেন্টটি ১০ ও ১৭ জুলাই রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১২টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির দল। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এসকেএফ, ইনসেপ্টা, জিসকা, পপুলার, রেনাটা, ইউনিমেড ইউনিহেলথ, হেলথকেয়ার, নিপ্রো জেএমআই, ইবনে সিনা, বীকন ও সিনোভিয়া ফার্মাসিউটিক্যালস।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের তাসনিম হাসান টুর্নামেন্ট–সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মাশকাওয়াত হাসান সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন।
অংশগ্রহণকারী ও দর্শকদের মতে, এই ধরনের আয়োজন কর্মজীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি মানসিক প্রশান্তি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফার্মাসিউটিক্যাল খাতে করপোরেট ক্রীড়া সংস্কৃতির বিকাশে ফার্মা কাপ–২০২৬ একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্ট সবার প্রত্যাশা।




