পণ্যের মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম ওজন সরবরাহ ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টলিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ এবং পরিদর্শক (মেট্রোলজি) রাব্বী মোহাম্মদ ইতমাম।
পরিদর্শনকালে সংস্থাটি নাবিস্কোর বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের প্রকৃত ওজন নিবন্ধন সনদের আলোকে যাচাই করে। পরীক্ষায় দেখা যায়, বেশ কিছু পণ্যের নিট ওজন মোড়কের গায়ে লেখা পরিমাণের তুলনায় কম। এছাড়াও, একই প্যাকেটের সামনের দিকে এবং পেছনের দিকে ভিন্ন ওজন উল্লেখ করার ঘটনা ধরা পড়ে, যা ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরির শঙ্কা তৈরি করে।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মোড়কে প্রদর্শিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করেই ভবিষ্যতে পণ্যের উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ করা হয়। একইসঙ্গে, এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিএসটিআই আরও নিশ্চিত করেছে যে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, ন্যায়সংগত বাণিজ্যিক চর্চা এবং ওজনে সঠিকতা বজায় রাখতে তাদের নিয়মিত মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

