জাপানে এক নারী অনলাইন কেনাকাটার নামে অভিনব এক প্রতারণার আশ্রয় নিয়ে দেশটির একটি নামকরা প্রকাশনা সংস্থাকে প্রায় পথে বসিয়ে দিয়েছেন। গ্রেপ্তার ওই নারীর নাম মেউ ইয়োশিদা, যিনি পেশায় রেস্তোরাঁকর্মী। জাপানের খ্যাতনামা প্রকাশনা সংস্থা 'শুয়েশা'-এর অনলাইন শপ 'জাম্প ক্যারেক্টারস স্টোর' থেকে গত দুই বছর ধরে ২৩৮টি ভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে দুই হাজারের বেশি বার পণ্য অর্ডার করেন তিনি, কিন্তু কোনো বারই সেগুলো গ্রহণ করেননি।

এই কৌশলের মাধ্যমে তিনি আনুমানিক ৪৩০ কোটি ইয়েন মূল্যের পণ্য অর্ডার করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৩ কোটি টাকার সমান। ইয়োশিদা মূলত জাপানের জনপ্রিয় অ্যানিমে ও ম্যাঙ্গা চরিত্র 'ওয়ান পিস'-এর সিরিজগুলো অর্ডার করতেন। অর্ডার বাতিল করতে তিনি নানা ধরনের কৌশল অবলম্বন করতেন। কখনো তিনি কাছের স্টোর থেকে মূল্য পরিশোধ করে পণ্য গ্রহণের কথা বলে অর্ডার করতেন, কিন্তু পণ্য নিতে যেতেন না, ফলে নির্দিষ্ট সময় পর অর্ডারটি বাতিল হয়ে যেত। আবার কখনো 'ক্যাশ অন ডেলিভারি' পদ্ধতিতে অর্ডার করলেও ডেলিভারির সময় পণ্য বুঝে নিতেন না। অনেক ক্ষেত্রে তিনি ভুল বা কাল্পনিক ঠিকানাও ব্যবহার করতেন, যার ফলে পণ্য ডেলিভারি করাও সম্ভব হতো না।

এসব অর্ডার পরিচালনা এবং পণ্য ডেলিভারির চেষ্টায় প্রকাশনা সংস্থাটির প্রায় ৭৫ লাখ ইয়েন, অর্থাৎ ৬০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। শেষ পর্যন্ত এই প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রকাশনা সংস্থাটি পুলিশে অভিযোগ করে। তদন্তে নেমে পুলিশ এই কাণ্ডের মূল হোতা ইয়োশিদাকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন ইয়োশিদা। তিনি জানান, দৈনন্দিন জীবনের প্রচণ্ড মানসিক চাপ থেকে মুক্তি পেতেই তিনি এই পথ বেছে নিয়েছিলেন। লিমিটেড এডিশনের জনপ্রিয় পণ্যগুলো স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করতে পেরে তিনি এক ধরনের আত্মতৃপ্তি বোধ করতেন, যা তাঁকে মানসিকভাবে হালকা অনুভব করাত। প্রকাশনা সংস্থার বিরুদ্ধে তাঁর কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল না বলেও জানান তিনি।