হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ধারণের বৈধতা সংক্রান্ত রিট মামলার নথি প্রধান বিচারপতির কাছে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (২৯ জুলাই) এ আদেশ দেন। শুনানিকালে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি বিব্রতবোধ করায় বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছরের ১৭ ফেব্রুয়ারি ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মওলা এই রিট দায়ের করেন। রিটে ব্যাংক কোম্পানিজ আইন অনুসরণ না করে এস আলম (সাইফুল আলম) সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি কীভাবে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ করছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এস আলম–সংশ্লিষ্ট হিসেবে পরিচিত এই ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারের কাছে ব্যাংকটির মোট শেয়ারের ৮১ দশমিক ৯২ শতাংশ রয়েছে বলে রিটে দাবি করা হয়।
গত বছরের ১১ মার্চ প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট একটি রুল জারি করেন। সেই রুলে ব্যাংক কোম্পানিজ আইন উপেক্ষা করে কোন ক্ষমতাবলে এসব কোম্পানি শেয়ার ধারণ করেছে, তা ব্যাখ্যা করতে বলা হয়। একইসঙ্গে এসব শেয়ার কেন বাজেয়াপ্ত করা হবে না, তাও জানতে চাওয়া হয়। এছাড়া ওই ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখতে এবং আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
২২ জুলাই শুনানি শেষে আদালত ২৯ জুলাই পর্যন্ত শুনানি মুলতুবি রাখেন। বুধবার মামলাটি কার্যতালিকায় ১০৯ নম্বর ক্রমিকে ‘আংশিক শ্রুত’ হিসেবে উঠলেও আদালত তা গণ্য না করে প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন। ইসলামী ব্যাংকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম এবং প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা ইসলামিক ইকোনমিকস রিসার্চ ব্যুরোর (আইইআরবি) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবদুস সামাদ আজাদ, আর বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শামীম খালেদ আহমেদ।
পরে জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান, রুলের ওপর শুনানি চলছিল। একপর্যায়ে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি বিব্রতবোধ করায় আদালত বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন। রিট আবেদন থেকে জানা যায়, শেয়ার ধারণকারী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেএমসি বিল্ডার্স, বিটিএ ফাইন্যান্স, প্যারাডাইস ইন্টারন্যাশনাল, এবিসি ভেঞ্চারস, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং, প্লাটিনাম এনডেভার্স, এক্সেলশিয়র ইমপেক্স কোম্পানি, গ্র্যান্ড বিজনেস, লায়ন হেড বিজনেস রিসোর্সেস, বিএলইউ ইন্টারন্যাশনাল, আরমাডা স্পিনিং মিলস, কিংসওয়ে এনডেভার্স, ইউনিগ্লোভ বিজনেস রিসোর্সেস, সোলিড ইনস্যুরেন্স পিসিসি, হলিস্টিক ইন্টারন্যাশনাল, হাই ক্লাস বিজনেস এন্টারপ্রাইজ, ক্যারোলিনা বিজনেস এন্টারপ্রাইজ, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি, ব্রডওয়ে ইম্পেক্স কোম্পানি, পিকস বিজনেস এন্টারপ্রাইজ, এভারগ্রিন শিপিং, ম্যারাথন ট্রেড ইন্টারন্যাশনাল, কিংস্টোন ফ্লাওয়ার মিলস ও পারসেপ্টা এনডেভার্স।




