রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সাক্ষাতের তথ্য জানানো হয়।

গত বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়ের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে হঠাৎ করেই উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনার পর্ব পেরিয়ে এখন দুই প্রতিবেশী দেশ আলোচনার মাধ্যমে সম্পর্ককে ইতিবাচক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ভারতের হাইকমিশনার।

গত জুন মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর দীনেশ ত্রিবেদীর জন্য এটি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের সুযোগ।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে গতকাল রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এর আগে গতকাল ঢাকার এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজকের সাক্ষাতের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’

সমস্যা সমাধানে আলোচনার ওপর গুরুত্বারোপ করে ভারতের হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যখন দুই নেতার দেখা হয়, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথা বার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান হবে। এখানে কোনো নেতিবাচক বিষয় নেই। সব ইতিবাচক।’

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের এই নতুন অধ্যায়ে উভয় পক্ষই সংলাপের মাধ্যমে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। হাইকমিশনারের সাম্প্রতিক কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে যে, দুই দেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে তারা আন্তরিকভাবে কাজ করতে চায়।

এই সাক্ষাতের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে এবং ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।