বাংলাদেশ সেনাবাহিনীতে ডাক্তার ও ডেন্টিস্ট পদে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সুযোগ এসেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮৮তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭২তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের আওতায় এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ আগস্টের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
দুটি বিভাগে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। প্রথমটি ‘আর্মি মেডিক্যাল কোর’, যেখানে আবেদনের জন্য সরকার অনুমোদিত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে। দ্বিতীয়টি ‘আর্মি ডেন্টাল কোর’, এতে আবেদনের জন্য সরকার স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি থাকা জরুরি। উভয় বিভাগের ক্ষেত্রেই বিএমএতে যোগদানের আগে প্রার্থীদের ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা দিতে হবে।
প্রার্থীদের শারীরিক যোগ্যতা সম্পর্কিত নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং ওজন ৫৭.০০ কেজি (১২৬ পাউন্ড) হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা ১.৫২ মিটার (৫ ফুট শূন্য ইঞ্চি) এবং ওজন ৪৮.০০ কেজি (১০৫ পাউন্ড) থাকা আবশ্যক। বয়সের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য সাধারণত অবিবাহিত হওয়া বাধ্যতামূলক, তবে ২৬ বছরের বেশি বয়সী বিবাহিত পুরুষরাও আবেদনের যোগ্য হবেন। নারী প্রার্থীরা বিবাহিতা বা অবিবাহিত উভয় অবস্থায়ই আবেদন করতে পারবেন।
কিছু শর্তে প্রার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। সেনা, নৌ বা বিমানবাহিনী অথবা কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ করলে আবেদন করা যাবে না। আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট বা রেডকার্ড প্রাপ্তরাও আবেদনের অযোগ্য। তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার রেডকার্ড থাকলে আবেদন করা সম্ভব। পাঁচ বছরের বেশি পুরনো দুইবার স্ক্রিন্ড আউট বা রেডকার্ডের ক্ষেত্রেও আবেদনের সুযোগ রয়েছে। দ্বৈত নাগরিকত্ব বা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও আবেদন করা যাবে না।
আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে হোম পেজের ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন ফি ১,০০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকাসহ সর্বমোট ২,০০০ টাকা প্রদান করতে হবে। এএফএমসি থেকে পাসকৃত প্রার্থীদের এএফএমসির মাধ্যমেই অনলাইনে আবেদন করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ যোগদানের আগে সাঁতার শেখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কোর্স সফলভাবে শেষ করার পর সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে। বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত লিংকে প্রবেশ করে দেখা যেতে পারে।




