রাজধানীর দারুস সালাম থানা এলাকায় পরিচালিত এক অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল্লাহ শিকদারকে (২৪) গ্রেপ্তার করেছে র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র ্যাব)। শুক্রবার বিকেলে এই অভিযান চালানো হয়। শনিবার রাজধানীর মিরপুরে পাইকপাড়ায় অবস্থিত র ্যাব-৪–এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কর্মকর্তারা।

র ্যাব-৪–এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি সংবাদ সম্মেলনে জানান, আবদুল্লাহ শিকদার ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরের দিন ওই কারাগারে সৃষ্ট সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি অন্য বন্দীদের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় কারাগার কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করেন।

পলায়নের পর থেকে গ্রেপ্তার এড়াতে আবদুল্লাহ শিকদার বিভিন্ন ছদ্মবেশে দেশের নানা অঞ্চলে আত্মগোপন করে থাকেন বলে জানিয়েছেন কে এন রায় নিয়তি। তবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল্লাহ শিকদার ২০২১ সালের ৭ অক্টোবর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এলাকায় সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী লুৎফর রহমানকে হাতুড়ি ও কুড়াল দিয়ে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হন। ওই হত্যা মামলায় টুঙ্গিপাড়া থানায় মামলা হয় এবং পরে আদালত আবদুল্লাহ শিকদারসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন। তারপর তাদের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়।

আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আবদুল্লাহ শিকদারকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র ্যাব সূত্রে জানানো হয়েছে।