হাঙ্গেরির রাষ্ট্রীয় গণমাধ্যম কাঠামোতে আমূল পরিবর্তন আনতে শুরু করেছে দেশটির নতুন সরকার। প্রধান সরকারি টেলিভিশন চ্যানেল এম১-এর সংবাদ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, রাষ্ট্রীয় রেডিও স্টেশন কোসুথের সম্প্রচারও সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকারি মিডিয়াকে 'স্বাধীন ও বিশ্বাসযোগ্য' করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

গত এপ্রিলে ১৬ বছরের ক্ষমতার পর ভিক্টর অরবান পদত্যাগে বাধ্য হন। তার শাসনামলে রাষ্ট্রীয় গণমাধ্যম কঠোর নিয়ন্ত্রণে ছিল। নির্বাচনের সময় মিডিয়া সংস্কার ছিল বর্তমান প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ারের একটি প্রধান প্রতিশ্রুতি। মঙ্গলবার এই ঘোষণার পর তিনি একে 'প্রোপাগান্ডা সম্প্রচারের সমাপ্তি' হিসেবে বর্ণনা করেন।

মঙ্গলবার বিকেলে এম১ চ্যানেলে একটি কালো পর্দায় সাদা অক্ষরে বার্তা ফুটে ওঠে। তাতে লেখা ছিল, 'গণমাধ্যমের মিথ্যা বলা উচিত নয়। এতদিন এটা করার জন্য আমরা দুঃখিত। জনগণের মিডিয়াকে এখন সংস্কার করা হবে যাতে তা স্বাধীন এবং বিশ্বাসযোগ্য হয়। আমাদের নিউজ প্রোগ্রাম বর্তমানে স্থগিত। সাথে থাকুন!' একই সময়ে কোসুথ রেডিওর পরিবর্তে শাস্ত্রীয় সংগীতের চ্যানেল বার্তক রেডিও সম্প্রচার শুরু হয়। এএফপি জানিয়েছে, এম১ ও কোসুথের ওয়েবসাইটও বিকেলে বন্ধ পাওয়া যায়।

নতুন প্রধানমন্ত্রী ম্যাগিয়ার বলেন, 'তারা রাতে মিথ্যা বলত, দিনে মিথ্যা বলত, প্রতিটি তরঙ্গে মিথ্যা বলত। এখন সেটা শেষ।' তিনি এই দিনটিকে 'ঐতিহাসিক' আখ্যা দিয়ে বলেন, এটি সরকারি মিডিয়ায় প্রোপাগান্ডা সম্প্রচারের সমাপ্তি চিহ্নিত করে।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী অরবান এক ফেসবুক পোস্টে এই পদক্ষেপকে 'তিস্যা শাসনের অত্যাচার' বলে অভিহিত করেন। তিনি তার অনুসারীদের হির টিভি চ্যানেল দেখার আহ্বান জানান, যা তার দল ফিডেসের সাথে যুক্ত।

এম১ পরিচালনাকারী সংস্থা এমটিভিএ এক বিবৃতিতে জানিয়েছে, চ্যানেলটি অস্থায়ীভাবে নতুন ফরম্যাটে চালু হবে যেখানে সংবাদ অনুষ্ঠান থাকবে না। ধীরে ধীরে নতুন সম্পাদকীয় দলের তত্ত্বাবধানে সংবাদ বুলেটিন চালু করা হবে।

ম্যাগিয়ার ২০২৪ সালের মার্চে অরবানের দল ফিডেস থেকে বিচ্ছিন্ন হয়ে হাঙ্গেরির রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেন। এরপর চলতি বছরের শুরুর দিকে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি ক্ষমতায় আসেন। নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 'শাসন পরিবর্তন' আনার। সম্প্রতি নির্বাচনে জয়ের কয়েকদিন পর তিনি কোসুথ রেডিও এবং এম১-এ উপস্থিত হয়ে তাদের সংবাদ সম্প্রচার স্থগিত করার এবং একটি নতুন সম্প্রচার কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনার কথা জানান।

এদিকে, ফিডেসের প্রতি সহানুভূতিশীল বলে পরিচিত বাণিজ্যিক সম্প্রচারক টিভি২-এর প্রধান নিউজ অ্যাঙ্কর এবং সংবাদ পরিচালকও ম্যাগিয়ার ক্ষমতায় আসার পর পদত্যাগ করেছেন।