নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ভোরে বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া চাপাতলী এলাকার সালাউদ্দিনের টিনশেড ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির একটি কক্ষে স্ত্রী বিউটি আক্তার (২৪) ও ছেলে মারুফকে নিয়ে থাকতেন রাজমিস্ত্রি মাইদুল ইসলাম (২৮)।
ঘটনার পর থেকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনজন। এরই মধ্যে গত শনিবার দুপুরে মারা যায় আট বছর বয়সী মারুফ। এরপর আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিউটি আক্তার। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে বিস্ফোরণের তিন দিনের ব্যবধানে পরিবারের দুটি সদস্যের মৃত্যু হলো।
বর্তমানে ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য মাইদুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে বিস্ফোরণের সূত্রপাত হয়। জানালা বন্ধ থাকায় গ্যাস বেরিয়ে যাওয়ার সুযোগ পায়নি। ধারণা করা হচ্ছে, ভোরে মাইদুল ইসলাম সিগারেট ধরানোর সময় জমে থাকা গ্যাসে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে আগেই জানিয়েছিল ফায়ার সার্ভিস।




