মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে, প্রেসিডেন্ট প্রাসাদ ও ঐতিহাসিক জোকালো পাবলিক স্কয়ারের নিকটবর্তী এলাকায় এক হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। স্থানীয় সময় গতকাল সোমবার এই ঘটনায় আরও দুইজন পুরুষ আহত হন। শহরটির নিরাপত্তা বিষয়ক সচিবালয় এই সহিংসতাকে 'সরাসরি হামলা' হিসেবে বর্ণনা করেছে। তাদের বরাতে জানা যায়, গুলিতে নিহত ব্যক্তির বয়স ৪২ বছর। অপরদিকে, আহত দুজনের বয়সই ৩৯ বছর। হামলার শিকাররা সবাই পুরুষ ছিলেন বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। ঔপনিবেশিক শাসনামলে নির্মিত স্থাপত্যে ঘেরা এই এলাকাটি জাল নথিপত্র উৎপাদন ও বিক্রয়ের একটি কেন্দ্র হিসেবে কুখ্যাতি অর্জন করেছে। এই হামলাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজন ব্যক্তিকে খোঁজা হচ্ছে, যিনি অপরাধ সম্পাদন করার পরপরই একটি মোটরসাইকেলযোগে স্থান ত্যাগ করেন। পুলিশ বিষয়টির একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার করা জায়গাগুলোতে এ ধরনের সশস্ত্র সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা প্রায়ই দেখা যায়। কিন্তু রাজধানীর মতো জায়গায়, এবং বিশেষভাবে দেশের প্রেসিডেন্টের আনুষ্ঠানিক বাসভবনের মতো সুউচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকার একেবারে কাছাকাছি এমন সহিংসতা নিত্যন্ত বিরল একটি ব্যাপার। সচিবানালয়টির ভাষ্য মোতাবেক, বর্তমানে রাজধানী অঞ্চলে ইউনিয়ন তেপিতো এবং ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সুসংগঠিত সড়কভিত্তিক অপরাধ চক্রও সক্রিয়ভাবে কাজ করছে।