আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী এক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ঘোষিত ১৩ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। সর্বশেষ অ্যাশেজ সিরিজে চোটের কারণে এই তিন অভিজ্ঞ বোলার নিয়মিত খেলতে পারেননি। অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয় লায়নকে। অন্যদিকে হ্যাজলউড প্রথমে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার সময় অ্যাকিলিসে চোট পেয়ে পুরো অ্যাশেজ মিস করেন। কামিন্স শুধু অ্যাডিলেড টেস্টেই খেলেছিলেন, যা পিঠের নিচের অংশের চোট কাটিয়ে তাঁর প্রত্যাবর্তনের ম্যাচ ছিল। অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত হওয়ায় পরের দুই টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। কামিন্স ও হ্যাজলউড টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেননি। তবে বিশ্বকাপ শেষে আইপিএলের মাধ্যমে মাঠে ফেরেন দুজনই। তাদের প্রত্যাবর্তনের কারণে মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটের মতো বোলাররা দল থেকে বাদ পড়েছেন। পেস বোলিং বিভাগে কামিন্স ও হ্যাজলউডের সঙ্গে আছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারও একাদশে জায়গা পাওয়ার দৌড়ে থাকবেন। টপ অর্ডারে কোনো পরিবর্তন আনে নি অস্ট্রেলিয়া। অ্যাশেজে অভিষিক্ত জেক ওয়েদারাল্ডের ওপরই আস্থা রেখেছে দল। তাঁর সঙ্গেই ইনিংস উদ্বোধনের কথা রয়েছে ট্রাভিস হেডের। ছন্দে না থাকলেও মারনাস লাবুশেনকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষেও ওপেন করতে পারেন হেড। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে সাত জয় নিয়ে তাদের পয়েন্ট ৮৭.৫০। ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনে এবং ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকাইয়ে এই দুই টেস্ট অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।
বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৩ সদস্যের দল দিয়েছে অস্ট্রেলিয়া। ফিরেছেন কামিন্স, হ্যাজলউড ও লায়ন। অ্যাশেজে চোটের কারণে দলের বাইরে ছিলেন তারা। সিরিজটি ডারউইন ও ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে।




