এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের যৌথ লয়্যালটি প্রোগ্রাম এমিরেটস স্কাইওয়ার্ডস সদস্যদের জন্য নতুন এক সুবিধা নিয়ে এলো। ‘স্কাইওয়ার্ডস রেল’ নামের এই সেবার মাধ্যমে সদস্যরা তাদের সঞ্চিত মাইলস খরচ করে ইউরোপের ১২ হাজারেরও বেশি রেল গন্তব্যে ভ্রমণের টিকিট কাটতে পারবেন। ফলে আকাশপথের বাইরে রেলভ্রমণেও মাইলসের ব্যবহার সম্ভব হচ্ছে, যা ইউরোপ ভ্রমণকে আরও নমনীয় করে তুলবে।

নতুন এই প্ল্যাটফর্মে ইউরোপের ১২টি দেশের ৪০টির বেশি প্রধান রেল অপারেটরের ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে মাইলসের বিনিময়ে। ডেস্কটপ বা মোবাইল—যেকোনো ডিভাইস থেকে পাঁচটি ভাষায় পরিচালিত ডেডিকেটেড ওয়েবসাইটে প্রবেশ করে সহজেই বুকিং প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সেখানে ট্রেনের সময়সূচি দেখে পছন্দমতো কেবিন ও টিকিটের ধরন বেছে নেওয়ার সুযোগ থাকছে। টিকিটের পুরো মূল্য মাইলস দিয়ে পরিশোধ করা সম্ভব, আবার চাইলে ক্যাশের সঙ্গে মাইলস মিলিয়েও দিতে পারবেন। এমনকি পরিবারের সদস্য বা বন্ধুদের জন্যও মাইলস ব্যবহার করে টিকিট বুক করার সুবিধা রয়েছে। বুকিং নিশ্চিত হওয়ার পর ই-টিকিট সরাসরি ইমেইলে পৌঁছে যাবে।

এই সেবার আওতায় ইউরোপজুড়ে বিস্তৃত রেল নেটওয়ার্ক যুক্ত হয়েছে। ইউরোস্টার, ডয়চে বান, এসএনসিএফ, ট্রেনইতালিয়া, টিজিভি, রেনফে এবং ওবিবির মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ও হাই-স্পিড রেল অপারেটররা এই প্ল্যাটফর্মের অংশ। যুক্তরাজ্যের হিথ্রো এক্সপ্রেস, গ্যাটউইক এক্সপ্রেস, থেমসলিংক, গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে এবং স্কটরেইলও এই তালিকায় রয়েছে। ফলে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের পাশাপাশি শহর ও বিমানবন্দরের সংযোগকারী রেলসেবাতেও মাইলস ব্যবহারের সুযোগ পাচ্ছেন সদস্যরা।

এমিরেটস স্কাইওয়ার্ডস সম্প্রতি তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বর্তমানে বিশ্বের ১৯০টি দেশে এই লয়্যালটি প্রোগ্রামের সদস্যসংখ্যা ৩ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। প্রতি সপ্তাহে গড়ে ৭৮ হাজারেরও বেশি নতুন সদস্য এই প্রোগ্রামে যুক্ত হচ্ছেন। নতুন ‘স্কাইওয়ার্ডস রেল’ সেবা সদস্যদের ভ্রমণ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে, কারণ এতদিন মাইলস মূলত আকাশপথেই ব্যবহৃত হতো।