আজ থেকে গলেতে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই প্রথম টেস্টের মাধ্যমেই ভারতীয় ক্রিকেট দল পৌঁছে যাচ্ছে ৬০০ টেস্টের বিশেষ মাইলফলকে। ১৪৯ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এই কীর্তি অর্জন করতে পেরেছে মাত্র দুটি দল — ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত এখন সেই অভিজাত ক্লাবে তৃতীয় সদস্য হিসেবে নাম লেখাচ্ছে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ পর্যন্ত সর্বাধিক ম্যাচ খেলেছে ইংল্যান্ড, তাদের সংগ্রহ ১০৯৭টি। দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়া খেলেছে ৮৮২টি টেস্ট। এই তালিকায় ভারত এখন তৃতীয়। তবে ম্যাচ সংখ্যায় ইংল্যান্ড এগিয়ে থাকলেও জয়ের হিসাবে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ৮৮২ ম্যাচে তারা জিতেছে ৪২৬টি, যা সর্বোচ্চ। ইংল্যান্ডের জয় ৪০৫টি।

ম্যাচ সংখ্যার পাশাপাশি ড্রয়ের হিসেবেও ইংল্যান্ড সবার উপরে। ৩৫৬টি ড্র নিয়ে তারা এগিয়ে, ভারতের ড্র ২২৪টি আর অস্ট্রেলিয়ার ২১৯টি। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার আজকের এই ম্যাচটি টেস্ট ক্রিকেট ইতিহাসের ২৬৩০তম টেস্ট হিসেবে রেকর্ডে জায়গা করে নেবে।

ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ১৯৩২ সালে। তবে প্রথম ১০০ টেস্টে পৌঁছাতে তাদের সময় লেগেছিল ৩৫ বছর। অন্যদিকে, ভারতের প্রথম ৫০০ টেস্টে তারা ঘরের বাইরে জিতেছিল মাত্র ৪২টি ম্যাচ। কিন্তু সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের উন্নতি হয়েছে উল্লেখযোগ্য হারে — ৫০১তম টেস্ট থেকে ৫৯৯তম টেস্টের মধ্যে তারা ঘরের বাইরে জিতেছে ২১টি ম্যাচ, যা আগের ৫০০ ম্যাচের অর্ধেক।