আইএফআইসি ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের (উত্তর ও দক্ষিণ) ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ গত বুধবার (১২ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে দিনব্যাপী আয়োজিত হয়। এই সম্মেলনে ঢাকা উত্তর–দক্ষিণ অঞ্চলের ৭৫টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ধারাবাহিক চর্চার কারণে গ্রাহকদের মাঝে আইএফআইসি ব্যাংকের প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে। এরই ফলশ্রুতিতে ব্যাংকের আমানতের পরিমাণ ৫৩ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।
এমডি ঋণ পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিভিন্ন খাতে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি রিটেইল ও এমএসএমই ব্যবসার সম্প্রসারণ এবং বাংলা কিউআরসহ ডিজিটাল সেবার প্রসারের মাধ্যমে গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দলের সদস্যরা ব্যাংকের ব্যবসায়িক সক্ষমতা, পরিচালনগত অগ্রগতি এবং বিদ্যমান শক্তিশালী ভিত্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন, সম্পদের গুণগত মান বজায় রাখা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও তারা প্রদান করেন।
দিনব্যাপী এই সম্মেলনের শেষ পর্যায়ে ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




