ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে একটি রুশ ড্রোন দক্ষিণ ইউক্রেনের একজন বেসামরিক নাগরিককে তাড়া করছে। তিনি একে রুশ বাহিনীর ‘সাফারি’ হামলার নমুনা হিসেবে উল্লেখ করেছেন। ভিডিওটিতে খেরসন অঞ্চলের একটি শহরের রাস্তায় এক পথ বিক্রেতাকে তাড়া করছে ড্রোনটি। সাদা ভ্যানের আড়ালে লুকানোর চেষ্টা করলেও ড্রোনটি তাকে অনুসরণ করতে থাকে। অবশেষে ড্রোনটি তার ওপর আঘাত হানে এবং বিস্ফোরিত হয়ে তাকে আহত করে।
‘হিউম্যান সাফারি’ নামে পরিচিত এই ধরনের হামলা প্রায়শই রুশ বাহিনী ইউক্রেনের সম্মুখসারির এলাকায় বেসামরিকদের ভীতসন্ত্রস্ত করতে ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। জেলেনস্কি টেলিগ্রামে লেখেন, “বিশ্বকে এটি দেখতে হবে। রাশিয়া পাগল হয়ে গেছে—এমন প্রতিটি প্রমাণ এবং রুশ সেনারা হত্যা ও নির্যাতনে আনন্দ পাচ্ছে—সেই প্রতিটি সত্য বিশ্বকে দেখতে হবে।” ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই ভিডিওকে ‘বর্বর যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দেন। তিনি বলেন, এই সাফারি হামলাগুলো রুশ বাহিনীর ‘ইচ্ছাকৃত ও পদ্ধতিগত কৌশল’। তিনি আরও বলেন, “এই ড্রোন চালানোর পাশবিক ব্যক্তি পুরোপুরি জানে যে সে একজন বেসামরিক নাগরিককে লক্ষ্য করছে।”
সিবিহা অভিযোগ করেন, এই হামলা বেসামরিকদের ভয় দেখানোর জন্য রুশদের একটি ইচ্ছাকৃত প্রচারণার অংশ এবং তিনি আন্তর্জাতিক নিন্দা দাবি করেন। খেরসন অঞ্চলের গভর্নর পরে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ওই ব্যক্তি—যাকে ৫২ বছর বয়সী সবজি বিক্রেতা ইউরি হিসেবে শনাক্ত করা হয়েছে—ড্রোন হামলার পর হাসপাতালের বিছানা থেকে কথা বলছেন। ইউরি জানান, তিনি এবং তার স্ত্রী ভ্যানের পাশে সবজির বাক্স সাজাচ্ছিলেন, এমন সময় তিনি ওপর থেকে একটি ভোঁ ভোঁ শব্দ শুনতে পান। তার স্ত্রী দৌড়ে পালিয়ে গেলে ড্রোনটি তার দিকে ঘুরে আসে। তিনি ড্রোনের ক্যামেরার দিকে কিছু রসুনের মাথা তুলে ধরেন যাতে অপারেটর বুঝতে পারে সে ভিডিও করার চেষ্টা করছে না।
ইউরি বলেন, “ড্রোনটি দেখতে পাচ্ছিল যে আমার টমেটো, শসা এবং বেগুন মাটিতে রাখা আছে। আমি যখন অন্যদিকে দৌড়াচ্ছিলাম, তখন এটি ছাতার নিচেও নেমে আসে।” কিন্তু ড্রোনটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। তার ডাক্তারের মতে, ইউরি কনকাশন, মানসিক আঘাত এবং অসংখ্য স্প্লিন্টার নিয়ে বেঁচে গেছেন। তার ভ্যানটি ধ্বংস হয়ে গেছে। বিবিসি ভেরিফাই ভিডিওটির অবস্থান খেরসনের উত্তরে তাভরিস্কি জেলার একটি গোলচত্বরের পাশের বাজার এলাকা হিসেবে শনাক্ত করেছে। কে বা কীভাবে হামলার ভিডিওটি ধারণ করেছে তা স্পষ্ট নয়, তবে বিবিসি ভেরিফাই পাওয়া প্রাচীনতম পাবলিক কপিটি মঙ্গলবার সকালে একটি ইউক্রেনপন্থী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শেয়ার করেছিল।
সম্মুখসারি থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত খেরসনে দীর্ঘদিন ধরে রুশ সেনারা ‘সাফারি’ হামলা চালিয়ে আসছে। ২০২৫ সালের জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সশস্ত্র বাহিনী ওই এলাকায় ড্রোন ব্যবহার করে বেসামরিকদের বারবার হত্যা ও আহত করছে। ড্রোনগুলো লক্ষ্যের ওপর বিস্ফোরিত হওয়ার আগে তোলা ভিডিও প্রায়শই অনলাইনে পোস্ট করা হয়, যার ফলে হাজার হাজার মানুষ আতঙ্কিত শিকারের শেষ মুহূর্ত প্রত্যক্ষ করতে পারে। জাতিসংঘ বলেছে, “নিহত ও আহত বেসামরিকদের ভিডিও পোস্ট করা ব্যক্তিগত মর্যাদার প্রতি অবমাননার যুদ্ধাপরাধের শামিল।”




