বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি আগামীকাল বুধবারের মধ্যে সম্পন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তাঁর মতে, এই চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতা অনেকটাই প্রশমিত হবে।
মার্কিন অর্থমন্ত্রী বলেন, 'আমরা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি, আজ বা আগামীকালের মধ্যেই হরমুজ প্রণালি চালু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। এর ফলে বর্তমান সংঘাতও একটি স্থিতিশীল অবস্থার দিকে অগ্রসর হবে।' ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ রয়েছে। তেহরান কর্তৃপক্ষ এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের দাবি জানিয়ে আসছে।
সাক্ষাৎকারে বেসেন্টকে প্রশ্ন করা হয়েছিল, এই চুক্তির আওতায় ইরানকে টোল সংগ্রহের অনুমতি দেওয়া হবে কি না। জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, 'আমার ধারণা, জাহাজগুলো স্বাধীনভাবেই চলাচল করতে সক্ষম হবে।' এই মন্তব্যের আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালি খুলে যেতে পারে। এর আগে ইরানে নতুন করে বড় আকারের হামলার পরিকল্পনা প্রত্যাহারের কথাও জানিয়েছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে বলে তখন অস্বীকার করেছিল তেহরান।
ইরানের পক্ষ থেকে পরবর্তী সময়ে আলোচনার বিষয়ে নতুন করে কোনো তথ্য না জানানো হলেও বেসেন্টের মতো একই সুর শোনা গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কন্ঠেও। তাঁর বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সাথে ওয়াশিংটন যুক্ত রয়েছে এবং এই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আশা করছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি ইরানে নতুন করে হামলা না চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানিয়েছিলেন সৌদি যুবরাজও।




