তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে একটি বোর্ড গঠনের জন্য শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশের (আইবিসি) নেতারা। সংশোধিত শ্রম আইন অনুসারে, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার বাধ্যবাধকতা থাকলেও, এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রক্রিয়া শুরু হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। আইবিসির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক বাবুল আখতার যৌথভাবে এই আবেদনপত্র মন্ত্রীর কাছে পেশ করেন। সংগঠনটির অধীনে বর্তমানে ১৬টি শ্রমিক ফেডারেশন কার্যক্রম পরিচালনা করছে।
পূর্বে পাঁচ বছর অন্তর মজুরি বোর্ড গঠনের বিধান থাকলেও, চলতি বছরে সংশোধিত আইনের মাধ্যমে এই সময়সীমা কমিয়ে তিন বছর করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তৈরি পোশাকশিল্পের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল, যা ছিল ১২ হাজার ৫০০ টাকা। সেই কাঠামো কার্যকর হওয়ার তিন বছর পূর্ণ হবে চলতি বছরের ডিসেম্বরে। আইন অনুযায়ী, এই সময়ের মধ্যেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করতে হবে।
আইবিসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, নতুন মজুরি নির্ধারণের সময় দ্রুত ঘনিয়ে এলেও বোর্ড গঠন, সদস্য নির্বাচন, তথ্য সংগ্রহ, অংশীজনের মতামত গ্রহণ, গণশুনানি এবং অর্থনৈতিক বিশ্লেষণের মতো জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। এখনই উদ্যোগ না নিলে নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন মজুরি ঘোষণা করা কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সংগঠনটি আরও জানায়, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির কারণে পোশাকশ্রমিকদের জীবনযাত্রার খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত হিসেবে বিবেচিত। এই খাতে টেকসই উৎপাদন, সামাজিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে শ্রমিকদের জন্য সময়োপযোগী ও ন্যায্য মজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করেছে আইবিসি।
বাবুল আখতার জানান, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে মজুরি বৃদ্ধির ঘোষণা আসা উচিত, যাতে জানুয়ারি থেকেই শ্রমিকেরা নতুন মজুরি পেতে শুরু করেন। এই প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটলে শ্রমিক অসন্তোষ সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই দ্রুততম সময়ে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


