ভারতের নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। সোমবার দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচি ও মুম্বাইয়ের চৈত্যভূমিতে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মুম্বাই পুলিশ বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে আটক করে। স্বরা সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, দাদারের চৈত্যভূমি এলাকায় বিক্ষোভ চলাকালে পুলিশ ফাহাদ ও আরও কয়েকজনকে গ্রেপ্তার করে মাহিম থানায় নিয়ে যায়। ভিডিওতে ফাহাদকে ‘আমাকে কেন গ্রেপ্তার করছেন?’ বলতে শোনা যায়। স্বরা লিখেছেন, ‘এটি গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের চৈত্যভূমিতে আসার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়েছে। একই দিনে দিল্লির যন্তর মন্তর থেকে সংসদের দিকে যাত্রাকালে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস আর জলকামানের মুখে পড়েন হাজারো বিক্ষোভকারী। তীব্র গরমে লাইন ধরে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, তবে আটক ও আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।