জন্মের পরপরই গুরুতর অসুস্থ অবস্থায় নিজের মা কর্তৃক পরিত্যক্ত হয়ে একটি খেলনা ওরাংওটাংকে জড়িয়ে ধরে বিশ্বজুড়ে কোটি মানুষের মন জয় করা বানরছানাটি তার জীবনের প্রথম বর্ষপূর্তি করল। ম্যাকাক প্রজাতির এই বানরটি, যার নাম ‘পাঞ্চ’, এখন জাপানের ইচিকা ওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনের অন্যতম আকর্ষণ। প্রথম জন্মদিনে পাঞ্চের প্রতি ভালোবাসার ঢল নেমেছে; জাপানের অভ্যন্তর ও বাইরে থেকে প্রায় আড়াই হাজার শুভেচ্ছা কার্ড চিড়িয়াখানায় পৌঁছেছে।
গত বছর জন্ম নেওয়ার পর অসুস্থ এই বাচ্চাটিকে মা ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে চিড়িয়াখানার তত্ত্বাবধায়কেরা প্রথম দিকে পাঞ্চের পরিচর্যা করতেন। ম্যাকাক বাচ্চাদের স্বভাবজাত আকড়ে ধরার প্রবৃত্তি অক্ষুণ রাখতে একটি কমলা রঙের পুতুল ওরাংওটাং তার হাতে দেওয়া হয়েছিল। সেই পুতুলকে জড়িয়ে ধরে পাঞ্চের বেঁচে থাকার এক অনমনীয় লড়াই ইন্টারনেট জুড়ে কয়েককোটি মানুষের সহানুভূতি ও ভালোবাসা কুড়িয়ে নেয়।
কিন্তু বর্তমানে পাঞ্চের সেই চিত্র অনেকটাই অতীত। এখন সে চিড়িয়াখানায় থাকা প্রায় পঞ্চাশটি বানরের দলের সাথে খুব আনন্দে মিশে গেছে। তাকে দল থেকে আলাদাভাবে চেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে যদিও তার সেই পুতুল সখানীর প্রতি মায়া কিছুটা ছেড়েছে, তবুও ভক্তদের হৃদয়ে তার অবস্থান বিন্দুমাত্র কমেনি।
বানর ছানাটির জন্মদিন উপলক্ষে চিড়িয়াখানায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে প্রাপ্ত সবগুলো শুভেচ্ছা কার্ড লাগিয়ে একটি অভিনব দেয়াল তৈরি করা হয়েছে। চিড়িয়াখানার প্রধান তাকাশি ইয়াসুনাগা এ প্রসঙ্গে তার আবেগ প্রকাশ করতে গিয়ে বলেন, যখন পাঞ্চ টিকে থাকার জন্য তীব্র সংগ্রাম করছিল, তখন আমাদের দুই জনকর্মী তাকে রক্ষায় সর্বাধিক চেষ্টা করেছিলেন। সেই জটিল সময় পেরিয়ে আজ পাঞ্চ এত বিপুল ভালোবাসায় সিক্ত হচ্ছে দেখাটা সত্যিই এক অতুলনীয় আনন্দের ব্যাপার।




