দেশের মোবাইল আর্থিক সেবা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বিকাশ এবং ইস্টার্ন ব্যাংক (ইবিএল) যৌথ উদ্যোগে চালু করেছে ডিজিটাল ফিক্সড ডিপোজিট (এফডিআর) সেবা। এই সেবার মাধ্যমে গ্রাহকেরা কোনো ব্যাংক শাখায় উপস্থিত না হয়েই এবং কাগজপত্র জমা না দিয়েই বিকাশ অ্যাপের মাধ্যমেই সরাসরি ইবিএলে এফডিআর খুলতে পারবেন। বুধবার রাজধানীর ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালুর কথা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নির্ভরযোগ্য সঞ্চয় সেবাকে আরও সহজলভ্য করে তোলা। বিশেষ করে মফস্বল ও গ্রামীণ এলাকার মানুষের জন্য এটি একটি বড় সুযোগ, যাতে তারা সহজেই একটি শীর্ষস্থানীয় ব্যাংকে সঞ্চয় করতে পারেন। এই সেবার আওতায় গ্রাহকেরা ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত এফডিআর খুলতে পারবেন। মেয়াদ হবে ৬ মাস ও ১২ মাস। গ্রাহকেরা চাইলে স্বয়ংক্রিয় নবায়নের (অটোরিনিউয়াল) সুবিধাও গ্রহণ করতে পারবেন। নির্ধারিত সময় অন্তর গ্রাহকেরা তাদের বিকাশ হিসাবে সরাসরি মুনাফা পেয়ে যাবেন। এছাড়া বিকাশ অ্যাপ থেকেই ডিজিটাল রসিদ ডাউনলোড ও সংরক্ষণ করার সুবিধাও রাখা হয়েছে। এম খোরশেদ আনোয়ার বলেন, ‘বিকাশ অ্যাপে ইবিএল ডিপিএস সেবা সফলভাবে চালুর পর আমরা প্রথম ব্যাংক হিসেবে বিকাশ অ্যাপে ফিক্সড ডিপোজিট সেবা চালুর উদ্যোগ নিয়েছি। এখন দেশের যেকোনো প্রান্তের মানুষ নিজেদের সুবিধামতো বিকাশ অ্যাপ থেকেই ইবিএল ফিক্সড ডিপোজিট খুলতে পারবেন।’ অন্যদিকে, আলী আহমেদ বলেন, ‘ব্যাংক ও বিকাশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা সারা দেশের মানুষের জন্য আরও সহজলভ্য, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করছে।’ উল্লেখ্য, বিকাশ অ্যাপে ইতোমধ্যেই ইবিএলের ডিপিএস (মাসিক সঞ্চয় পরিকল্পনা) সেবা চালু রয়েছে। এবার সেই ধারাবাহিকতায় এফডিআর সেবা যুক্ত হলো। এই উদ্যোগকে দেশের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।