সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসারত অবস্থায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথন করেছেন—এমন কোনো তথ্য সরকারের কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি পত্রিকায় দেখেছেন, কিন্তু কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মন্ত্রী আরও উল্লেখ করেন, ইন্টারনেটের এই যুগে লন্ডনে না গিয়েও যে কেউ ফোন করতে পারেন, তাই এ ধরনের আলোচনার জন্য শারীরিক উপস্থিতি জরুরি নয়।
বিরোধী দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদের জিজ্ঞাসা করা উচিত কেন তারা সাহাবুদ্দিনের গ্রেপ্তার চান। তিনি জানান, বর্তমানে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা গালিগালাজ করছেন, তাদের সেই অধিকার রয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।
সাবেক রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ দিক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার ও বর্তমান রাজনৈতিক সরকারের সময় তিনি সব নিয়ম মেনেই কাজ করেছেন। সরকার তার সহযোগিতা পেয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে সংবিধানের আওতায় সাবেক রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন দায়মুক্তি বা ইমিউনিটি ভোগ করেন। ফলে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করা সম্ভব নয়। এর বাইরে কেউ বক্তব্য দিলে তা তাদের স্বাধীনতার আওতায় পড়ে, তবে তা আমলে নেওয়ার মতো কিছু নয় বলে মন্তব্য করেন মন্ত্রী।
রাষ্ট্রপতি হওয়ার আগে সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেসব ঘটনা সে সময়কার এবং আইন অনুযায়ী সেগুলো বিবেচিত হবে। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন আইন অনুযায়ী যে সব সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য, সেগুলো তিনি পাবেন। বিশেষ করে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) নিরাপত্তা পরবর্তী ছয় মাসের জন্য বহাল থাকবে। পুলিশের অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও চালু থাকবে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা সম্পর্কে মন্ত্রী জানান, সরকার এ বিষয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়্যাল কোর্ট আরও কিছু তথ্য চেয়েছে, যা শিগগিরই পাঠানো হবে।
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধারের ঘটনা সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দিন রথযাত্রা ও উল্টোরথ—দুটি অনুষ্ঠানই অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের ওই আয়োজনের সঙ্গে বোমা পাওয়ার ঘটনার কোনো সম্পর্ক আছে বলে মনে করেন না।




