আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব আলমিরান্তে ব্রাউন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর নিজেদের দাবি জানিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। সম্প্রতি বিশ্বকাপে আর্জেন্টিনার একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় ফিফা তদন্ত চালাচ্ছে, যেখানে দোষী প্রমাণিত হলে খেলোয়াড় বা কোচিং স্টাফদের শাস্তি হতে পারে। এই উত্তাপের মধ্যেই রোববার রেসিং দে কর্দোবার বিপক্ষে জয়ের ম্যাচে মাঠে নামে আলমিরান্তে ব্রাউন। তারা তাদের চিরাচরিত হলুদ-কালো ডোরাকাটা পোশাকের পরিবর্তে নীলচে-সাদা রঙের বিশেষ জার্সি পরে। জার্সির বুকের ওপর বড় অক্ষরে লেখা ছিল 'মালভিনাস আর্জেন্টিনার' (ফকল্যান্ড আর্জেন্টিনার, স্থানীয় নাম মালভিনাস)। পিঠে জার্সি নম্বরের নিচে আঁকা ছিল দুই আঙুল উঁচিয়ে আসমানের দিকে তাকানো লিওনেল মেসির উদযাপনের ছবি।
ম্যাচের আগের দিন ইনস্টাগ্রামে ক্লাব কর্তৃপক্ষ এই বিশেষ জার্সি পরার ঘোষণা দিয়ে পোস্ট করে। সেখানে তারা লেখে, 'মালভিনাসকে স্মরণ করে আগামীকাল আমরা একটা বিশেষ জার্সি পরব। আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।' ম্যাচ শেষে এক্সে শুরুর একাদশের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'ওরা আর্জেন্টাইন!' উল্লেখযোগ্য, যুক্তরাজ্যের বিপক্ষে ম্যাচ শেষে 'ফকল্যান্ড আর্জেন্টিনার' লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় ফিফা তদন্ত চালিয়ে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একই স্লোগান লেখা ব্যানার প্রদর্শনের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ বহু পুরোনো। আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে ১৯৮২ সালে দুই দেশ ৭৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল, যাতে ৯১০ জন প্রাণ হারিয়েছিলেন।




