কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেনী জেলা সেরা ফলাফল অর্জন করেছে। জেলায় পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ, যেখানে পুরো বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি — তিনটি শিক্ষা বোর্ড মিলিয়ে ফেনী জেলায় মোট ১ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে ১ হাজার ১২৮ জন, দাখিলে ১৮৩ জন এবং ভোকেশনালে ৫৩ জন রয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা ও জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ফেনীর ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৪ হাজার ৯১০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১০ হাজার ৮২৮ জন উত্তীর্ণ হয়েছে এবং ৪ হাজার ৮৭ জন ব্যর্থ হয়েছে। শুধুমাত্র এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন। জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের নজির গড়েছে। এর মধ্যে ফেনী সদরে তিনটি, দাগনভূঞা ও ছাগলনাইয়ায় একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
ফলাফলের দিক থেকে ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবারও জেলার শীর্ষে অবস্থান করছে। প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ অর্জন করেছে। শতভাগ পাসের এই প্রতিষ্ঠানটি কুমিল্লা বোর্ডের সেরা তালিকায় স্থান করে নিয়েছে। ফলাফল প্রকাশের পর ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী জেলার ছয়টি উপজেলায় ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪ হাজার ৩৫৬ জন পাস করেছে। পাসের হার ৭৩ দশমিক ৯৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৮৩ জন। এ বোর্ডে জেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে ৩৩৭ জন পরীক্ষা দিয়ে ৩১৮ জন পাস করেছে, যা পাসের হার ৯৪ দশমিক ৩৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ফেনীর ছয় উপজেলার ১ হাজার ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯১৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৯ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।
ফেনীর জেলা প্রশাসক মনিরা হক এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, কুমিল্লা বোর্ডে ফেনীর শিক্ষার্থীরা সেরা ফলাফল করেছে, যা ফেনীবাসীর জন্য অবশ্যই সুখবর এবং তাদের জন্য আনন্দের বিষয়।




