চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। সন্তানের শারীরিক অসুস্থতা এবং জন্মদিনের কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি, তাই তার আইনজীবী সময়ের আবেদন করেন। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।
আদালতে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আবেদন জানান যে, পরীমনির সন্তানকে টিকা দেওয়ার পর জ্বর এসেছে। পাশাপাশি আজ তার সন্তানের জন্মদিন, ফলে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। আইনজীবীর এই আবেদনের প্রেক্ষিতে বিচারক শুনানির নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করেন। পরে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন পরীমনি। তার কয়েকদিন পরে সেই বছরের ৪ আগস্ট তার বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের দাবি করে র্যাব। এরপর তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে কাটানোর পর তিনি মুক্তি পান।
ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্যও দেন।
এদিকে, অভিযোগ গঠনের পর মামলাটি বাতিলের আবেদন নিয়ে হাইকোর্টে যান পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখেন। পরবর্তীতে উচ্চ আদালত মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার।




