ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে নিয়মিত ব্যবহৃত গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট জেমিনাইতে একাধিক নির্দেশনা দেওয়ার সময় নির্দিষ্ট তথ্য পেতে ব্যবহারকারীদের কিছুটা সময় অপেক্ষা করতে হতো। সেই সমস্যা সমাধানে অ্যাপটির ইউজার ইন্টারফেসে আপডেট এনেছে প্রতিষ্ঠানটি। নাইনটুফাইভগুগল ও গ্যাজেটস৩৬০-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
নতুন হালনাগাদের ফলে জেমিনাই অ্যাপের ‘থিঙ্কিং লেভেল’ বর্তমানের তুলনায় অনেক সহজে নির্বাচন করা যাবে। পূর্বে অতিরিক্ত যুক্তিভিত্তিক উত্তর পেতে ব্যবহারকারীদের আগে একটি নির্দিষ্ট থিঙ্কিং লেভেল বেছে নিতে হতো। এখন অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে চালু হবে এবং আরও গভীর বিশ্লেষণের প্রয়োজন হলে ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ অপশনটি নির্বাচন করতে পারবেন। ফলে আগের চেয়ে দ্রুত প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব হবে।
এছাড়াও জেমিনাই অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধা যুক্ত করা হয়েছে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট মেনু থেকে সহজেই নির্ধারণ করতে পারবেন কোন ধরনের নোটিফিকেশন তারা পেতে চান। ফলে অপ্রয়োজনীয় বিজ্ঞপ্তির ঝামেলা কমবে।
গুগল গত কয়েক মাস ধরে জেমিনাই অ্যাপের নকশা ও প্রযুক্তিগত দিক ধাপে ধাপে উন্নত করছে। নতুন এই হালনাগাদ সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য এই সুবিধাগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।




