আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সামনে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়েছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আগামী ১৬ আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৭ জন নিহত হন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গত ৪ মে এ তথ্য প্রকাশ করেন। এই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি তালিকায় শীর্ষে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী। এছাড়াও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ রয়েছেন আসামি তালিকায়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানও রয়েছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকেও আসামি করা হয়েছে।

ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মামলাটির বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আদালত আগামী ১৬ আগস্ট এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।