জীবনের নানা পর্যায়ে ঘাড়, কোমর, হাঁটু কিংবা কাঁধের ব্যথায় কে না ভোগেন? অনেকের কাছে এই ব্যথা যেন দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত ব্যথা অনুভব করলেই আমরা একটি ব্যথানাশক ওষুধ সেবন করি এবং কিছুদিন বিশ্রাম নিই। কিছুটা স্বস্তি পেলে আবার আগের কর্মব্যস্ত জীবনে ফিরে যাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিছুদিন পরই সেই একই ব্যথা আবার দেখা দেয়; অনেক সময় আরও তীব্র আকারে। প্রশ্ন জাগে, কেন এমন পুনরাবৃত্তি ঘটে? চিকিৎসকদের মতে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যথার মূল কারণটিকে উপেক্ষা করে শুধু উপসর্গটি দমন করার চেষ্টা করি, যার ফলেই সমস্যা বারবার ফিরে আসে। ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা পদ্ধতি এই ক্ষেত্রে ভিন্ন পথ দেখায়। এটি কেবল ব্যথা কমানোর ওপর জোর দেয় না; বরং ব্যথার প্রকৃত উৎস চিহ্নিত করে রোগীকে স্বাভাবিক ও সক্রিয় জীবনযাত্রায় ফিরিয়ে আনার জন্য কাজ করে। বিশেষজ্ঞরা মনে করেন, ব্যথা কোনো রোগ নয়, এটি শরীরের একটি সংকেত বা অ্যালার্ম। এটি শরীরের কোনো সমস্যার সতর্কবার্তা বহন করে। যেমন, দুর্বল কোর মাংসপেশির কারণে কোমরে ব্যথা হতে পারে। দীর্ঘক্ষণ মুঠোফোন বা কম্পিউটার ব্যবহারের ফলে ঘাড়ের ব্যথা দেখা দিতে পারে। আবার ওজন বৃদ্ধি বা ভুল ভঙ্গিতে হাঁটার কারণে হাঁটুর ব্যথা হতে পারে। শুধু ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি মিললেও মূল সমস্যাটি কিন্তু অমীমাংসিতই থেকে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মাংসপেশি ও হাড়-জোড়ার রোগ বর্তমানে কর্মক্ষমতা হ্রাসের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই রিহ্যাবিলিটেশন বলতে ফিজিওথেরাপিকে বোঝেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ বা ফিজিয়াট্রিস্ট রোগীর একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন করেন। তিনি ব্যথার উৎস, মাংসপেশির শক্তি, অস্থিসন্ধির কার্যক্ষমতা, কর্মক্ষেত্রের ঝুঁকি, দৈনন্দিন অভ্যাস এবং মানসিক অবস্থা—সবকিছু বিশ্লেষণ করে একটি সমন্বিত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন করেন। এই পরিকল্পনায় জীবনযাত্রার পরিবর্তন, নির্দিষ্ট ব্যায়াম, ভঙ্গি সংশোধন, ওজন নিয়ন্ত্রণ, প্রয়োজনে ওষুধ, ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং পুনর্বাসন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকতে পারে। শুধু ব্যথা-বেদনাই নয়, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ব্রেন ইনজুরি, সেরিব্রাল পালসি, পারকিনসনস ডিজিজ, অঙ্গচ্ছেদ, খেলাধুলাজনিত আঘাত, দীর্ঘমেয়াদি বাতরোগ, ক্যানসার-পরবর্তী দুর্বলতা, এমনকি হার্ট ও ফুসফুসের রোগের চিকিৎসায়ও রিহ্যাবিলিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, চলাফেরা হলো সবচেয়ে শক্তিশালী ওষুধ। সঠিকভাবে পরিচালিত শারীরিক কার্যক্রম এবং ব্যায়াম নিজেই একটি শক্তিশালী চিকিৎসা। নিয়মিত ব্যায়াম শুধু ব্যথা কমায় না; এটি পেশি শক্তিশালী করে, জয়েন্ট সচল রাখে, হাড় মজবুত করে, হৃদ্যন্ত্র ভালো রাখে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সব ব্যায়াম সবার জন্য উপযোগী নয়। বয়স, রোগ এবং শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্যায়াম নির্বাচন করা অত্যন্ত জরুরি। তাই নিজে নিজে ব্যায়াম শুরু না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই উত্তম।
ঘাড়, কোমর বা হাঁটুর ব্যথা বারবার ফেরে কেন? জানুন স্থায়ী সমাধানের পথ
ঘাড়, কোমর, হাঁটু বা কাঁধের ব্যথা বারবার ফিরে আসার কারণ হলো শুধু উপসর্গের চিকিৎসা করা, মূল কারণ নয়। পুনর্বাসন চিকিৎসা ব্যথার উৎস খুঁজে বের করে জীবনযাত্রার পরিবর্তন, ব্যায়াম ও ভঙ্গি সংশোধনের মাধ্যমে স্থায়ী সমাধান দেয়। নিয়মিত সঠিক ব্যায়ামই সবচেয়ে শক্তিশালী ওষুধ হিসেবে কাজ করে।




