উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তিনি বলেন, হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সমুদ্রে নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ায় এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কয়েক দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।

এর আগে গত সপ্তাহে অতি ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। পাহাড়ধসের আশঙ্কায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করে। ৭ জুলাই চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। কয়েক লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। তবে কয়েক দিনের মধ্যে বন্যার পানি নামতে শুরু করে।

আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালে টানা বৃষ্টির মধ্যে এক-দুই দিনের বিরতি স্বাভাবিক। কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকলে সেই বিরতি শেষে আবার বৃষ্টি শুরু হয়। বর্তমান পরিস্থিতিতেও তেমনটাই ঘটছে। আগামী পাঁচ দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই পাহাড়ঘেঁষা এলাকা ও নিচু অঞ্চলের বাসিন্দাদের সর্বশেষ পূর্বাভাস সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।