ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ের খবর শুনে শত শত মানুষ ভিড় জমালেন পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে। শনিবার বিকেলে স্থানীয় সময় ক্যামেরা ও মুঠোফোন হাতে অপেক্ষা করছিলেন তাঁরা পর্তুগাল অধিনায়ককে একঝলক দেখার জন্য। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করবেন রোনালদো—এমন খবর প্রকাশের পরই সেখানে মানুষের ঢল নামে। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের হতাশ হতে হয়। সেদিন ক্যাথেড্রালে বিয়ে হয় নিকোল ও ফাবিও নামের এক জোড়ার। কনে নিকোলের প্রবেশের সময় রাস্তার দুই পাশে ভিড় করেন শত শত কৌতূহলী মানুষ। তবে কনে দেখে ভুল ভাঙে সবার। পরে ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে এক পোস্টে বলা হয়, রোনালদোকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনের কারণে বাইরে প্রচুর সাংবাদিক ও পর্যটকের ভিড় হয়েছিল। আরেক পোস্টে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানায়, এমন পরিস্থিতি তাঁরা আগে কখনো দেখেননি। এত মানুষের ভিড়ের কারণে নিকোলের জন্য গির্জায় ঢোকাই কঠিন হয়ে পড়েছিল।
গুজবটির সূত্র অবশ্য বেশ জোরালো ছিল। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান সম্প্রতি খবর প্রকাশ করে শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হবে। শুধু তারিখ বা স্থানই নয়, বিয়ের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে অনুষ্ঠান এবং অতিথিদের সম্ভাব্য তালিকা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল। আরও কিছু গণমাধ্যম এ খবর প্রচার করে। কিন্তু বাস্তবে দেখা গেল, পুরোটাই গুজব।
রোনালদোর পরিবারের পক্ষ থেকেও এই গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়। তাঁর বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন—রোনালদো নিজেই যখন বিয়ের ঘোষণা দেননি, তখন মানুষ কেন ধরে নিচ্ছেন তিনি বিয়ে করতে যাচ্ছেন? রোনালদো নিজেও বিষয়টি নিয়ে বেশ মজা করেছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রামে প্রকাশিত ক্যাথেড্রালের বাইরের ভিড়ের ছবি দেখে হাসির ইমোজি দিয়েছেন আল নাসর তারকা। অন্যদিকে জর্জিনাও বুঝিয়ে দিয়েছেন, সেদিন তাঁর বিয়ে হওয়ার প্রশ্নই নেই। বিয়ের সম্ভাব্য সময়ের কাছাকাছি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে একেবারেই সাধারণ পোশাকে দেখা যায়।
অর্থাৎ রোনালদো-জর্জিনার বিয়ের খবরটি শেষ পর্যন্ত গুজবই প্রমাণিত হয়েছে। তবে এই গুজবের কারণে নিকোল ও ফাবিওর বিয়েটা হয়ে গেছে একটু অন্য রকম। তাঁদের অতিথিদের সঙ্গে যোগ হয়েছিল রোনালদোর বিয়ে দেখতে আসা শত শত অপরিচিত মানুষ। এক অতিথি স্থানীয় সংবাদমাধ্যম দিয়ারিও দে নতিসিয়াস দা মাদেইরাকে মজা করে বলেছেন, ‘আমাদের তো মনে হচ্ছে আমরা তারকা হয়ে গেছি।’ রোনালদো ও জর্জিনার অবশ্য বিয়ের পরিকল্পনা আছে। গত বছরের আগস্টে তাঁদের বাগদান হয়। তবে কবে বিয়ে করবেন, তা এখনো জানাননি দুজন।




