বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য চার বছর মেয়াদি ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ (প্রস্তাবিত ব্যাচেলর অব সায়েন্স (সম্মান) ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স) কোর্সে ক্রিকেট বিষয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ৩০ জুলাই পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কোর্সে পড়ার সুযোগ রয়েছে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থাতেই।

ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ক্রিকেটে নির্দিষ্ট অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। মানবিক, ব্যবসায় শিক্ষা ও এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ করে এবং দুই পরীক্ষার গড় জিপিএ ৪.৫ থাকতে হবে। বিজ্ঞান ও এইচএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসিতে ন্যূনতম ২.২৫, এইচএসসিতে ২.০ এবং গড় জিপিএ ৪.৭৫ প্রয়োজন। আবেদনকারীকে জাতীয়, বিভাগীয়, ঢাকা লিগের প্রথম বা দ্বিতীয় বিভাগ অথবা জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার অভিজ্ঞতার সনদ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ আগস্ট সকাল ৯টায় সাভারের জিরানীতে অবস্থিত বিকেএসপি ক্যাম্পাসে। পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ৩০ নম্বর এবং ক্রীড়া মেধা যাচাইয়ে ৭০ নম্বর বরাদ্দ থাকবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেও নির্ধারিত নম্বর সংযোজিত হবে।

অনলাইনে আবেদনের সময় এসএসসি ও এইচএসসির মার্কশিট ও প্রশংসাপত্র, খেলার অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার দিন অনলাইন নিবন্ধনের প্রিন্ট কপি, ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেওয়া এবং ক্রিকেটের উপযোগী পোশাক ও সরঞ্জাম নিয়ে আসা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়ার জন্য www.bksp.gov.bd ওয়েবসাইটে 'অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন' অপশনে গিয়ে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদন ২০২৬ নির্বাচন করে ফরম পূরণ, জমা ও ফি প্রদানের পর পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট করতে হবে। ভর্তি পরীক্ষার ফল ২০ আগস্ট একই ওয়েবসাইটে প্রকাশিত হবে। চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে ৩ সেপ্টেম্বর এবং ক্লাস শুরু হবে ৬ সেপ্টেম্বর। আবেদন ফি বাবদ এক হাজার টাকা অনলাইনেই পরিশোধ করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট bksp.gov.bd ভিজিট করার অনুরোধ করা হয়েছে।