কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত কোডিং সরঞ্জামের উত্থান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেশায় এক নজিরবিহীন পরিবর্তন এনেছে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতে ডেভেলপারদের কীভাবে এগোতে হবে, তা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন অ্যামাজনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ওয়ার্নার ভোগেলস। ফরচুনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যাকে তিনি ‘রেনেসাঁ ডেভেলপার’ বলে অভিহিত করছেন, সেই দক্ষতাই এখন সবচেয়ে জরুরি। লিওনার্দো দা ভিঞ্চির মতো গভীর প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি বিভিন্ন শাখায় বিস্তৃত কৌতূহল থাকার কথা তুলে ধরে ভোগেলস বলেন, ইঞ্জিনিয়ারদের এখন তথাকথিত ‘টি-আকৃতির’ মডেলে নিজেদের গড়ে তোলা উচিত—অর্থাৎ একটি বিষয়ে গভীর জ্ঞান রাখার পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সিস্টেম ও মানুষের বিষয়েও পর্যাপ্ত বোধগম্যতা থাকা চাই।
এআই কোডিং সরঞ্জাম যেমন ক্লদ কোড এখন প্রাকৃতিক ভাষার নির্দেশনায় সফটওয়্যার তৈরি করতে পারে। একে ‘ভাইব-কোডিং’-ও বলা হয়, যা অ-প্রকৌশলীদেরও কয়েক মিনিটের মধ্যে প্রোটোটাইপ তৈরি করার সুযোগ করে দিয়েছে। তবে এর ফলে কোড পর্যালোচনা ও তথ্য-যাচাইয়ের গুরুত্ব আরও বেড়েছে বলে মন্তব্য করেন ভোগেলস। বিশেষ করে নিয়ন্ত্রিত শিল্প বা নিরাপত্তা-সংবেদনশীল ব্যবস্থার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ধরার মতো লোকের প্রয়োজন রয়েছে। ‘নিয়ন্ত্রক সংস্থাকে বলে দেওয়া যাবে না যে, এআই ভুল করেছে—এটা কাজ করবে না,’ মন্তব্য তার।
নতুন এই যুগে প্রবেশ করতে চাওয়া জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য পরামর্শ দিয়ে ভোগেলস বলেন, চাকরির বাজার নিয়ে উদ্বেগ মূলত ‘গোলমাল’ মাত্র। তার ভাষায়, প্রতিদিনই নতুন মডেল ও নতুন সিস্টেম আসছে; এমনকি তাকেও কখনও কখনও বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। তিনি জুনিয়র ইঞ্জিনিয়ারদের প্রোগ্রামিংয়ের বাইরেও দক্ষতা গড়ে তোলার আহ্বান জানান। নিয়োগের সময় এখন তিনি কাঁচা প্রযুক্তিগত দক্ষতার চেয়ে সহযোগিতা ও দলবদ্ধ কাজের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। যেমন—কেউ ওপেন সোর্স প্রকল্পে কাজ করেছে কি না বা দলের মধ্যে ভালোভাবে কাজ করার নজির আছে কি না। তার মতে, একবার শেখার পদ্ধতি জানা থাকলে একটি প্রোগ্রামিং ভাষা এক থেকে দেড় মাসের মধ্যে রপ্ত করা যায়।
এই বছরের শুরু থেকেই এআই কোডিং সরঞ্জাম নিয়ে উত্তেজনার পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে, বিশেষ করে জুনিয়র পদে কাজের সুযোগ কমে যাওয়ার আশঙ্কায়। তবে ভোগেলসের মতে, এ নিয়ে উদ্বেগের খুব একটা কারণ নেই। বরং নিজেদের মানিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। বলেছেন, ইঞ্জিনিয়ারদের স্বাভাবিক কাজের চাপ থেকে সপ্তাহে এক বিকেল আলাদা করে রাখার পরামর্শ দেন তিনি যাতে তারা নতুন কোনো গবেষণাপত্র পড়তে বা নতুন টুল নিয়ে পরীক্ষা করতে পারেন।
এদিকে জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের ‘এআই ফর গুড’ সামিটে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ ও শাসন নিয়ে আলোচনা করেছেন। সম্মেলনের আগে অনুষ্ঠিত জাতিসংঘের ‘গ্লোবাল ডায়লগ অন এআই’-এ ১৯৩টি সদস্য রাষ্ট্র প্রথমবারের মতো এআই নিয়ন্ত্রণের সম্ভাব্য আন্তর্জাতিক নিয়ম নিয়ে আলোচনায় বসে। সেখানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৈশ্বিক এআই নিয়ন্ত্রণের আহ্বান জানান। বিশেষ করে স্বায়ত্তশাসিত মারাত্মক অস্ত্রের ওপর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। ২০২৩ সালের এক নীতিপত্রে তিনি প্রথম এ ধরনের অস্ত্র নিষিদ্ধ করে আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তির ডাক দিয়েছিলেন, যার সময়সীমা ছিল ২০২৬ সাল। কিন্তু সেই সময়সীমা পার হলেও এখনও কোনো চুক্তি সই হয়নি।
সামিটে আরও একটি বারবার উঠে আসা বিষয় ছিল সৃজনশীল শিল্পের প্রতিনিধিদের দাবি। সুইডিশ সঙ্গীতশিল্পী ও এবিবিএ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য বজর্ন উলভেয়াস তার বক্তৃতায় যুক্তি দেখান যে কৃত্রিম বুদ্ধিমত্তার অস্তিত্বই সম্ভব নয় যদি না সৃজনশীল ব্যক্তিরা আগে থেকে কাজ না করতেন। তার পরবর্তী বক্তারাও প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে এই অবদানের স্বীকৃতি দাবি করেন।
নীতি ও শাসন প্রসঙ্গে সেলসফোর্সের মার্ক বেনিওফ ও মাইক্রোসফটের ব্র্যাড স্মith অ্যানথ্রপিকের ‘ফেবল ফাইভ’ মডেলের ওপর সম্প্রতি আরোপিত রপ্তানি নিয়ন্ত্রণের সমালোচনার জবাব দেন। তাদের মতে, বিদেশি নাগরিকদের আমেরিকান এআই থেকে বঞ্চিত করাই নয় বরং মার্কিন সরকারের এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তার বাস্তব উদ্বেগের ভিত্তিতে নেওয়া হয়েছে। তবে ইউরোপের রাজনীতিবিদদের মধ্যে এই পদক্ষেপ আতঙ্ক সৃষ্টি করেছে, যারা আশঙ্কা করছেন যে তারা একটি মৌলিক প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন।
সামিটের আলোচনায় আরও স্থান পেয়েছে বৈশ্বিক দক্ষিণ ও উত্তরের মধ্যে ক্রমবর্ধমান এআই বিভেদ মোকাবিলা থেকে শুরু করে প্রতারণা ও তোষামোদির মতো এআই ঝুঁকি কমানোর প্রযুক্তিগত সমাধান। পাশাপাশি স্পেসএক্সএআই তাদের গ্রক ৪.৫ মডেল চালু করেছে এবং ওপেনএআই একটি গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক ভাঙার কথা জানিয়েছে। বিট্রিস নোলান ফরচুনের হয়ে এই প্রতিবেদন তৈরি করেছেন।




