ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর আবারও বড় এক ছাত্র-জনতার আন্দোলনের সাক্ষী হয়েছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামের একটি তরুণদের প্ল্যাটফর্ম গত সোমবার সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করলেও কড়া নিরাপত্তার কারণে দিল্লি পুলিশ তাদের সংসদে যেতে বাধা দেয়। রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

এই আন্দোলনের সূত্রপাত মূলত জাতীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ থেকে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করছে সিজেপি। তারা গত ৬ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। আন্দোলনে নতুন গতি আসে ২৮ জুন, যখন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার বাস্তব অনুপ্রেরণা হিসেবে পরিচিত লাদাখের পরিবেশকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেন।

ওয়াংচুক জানান, এটি কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন। টানা অনশনের ফলে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই পুলিশ তাকে যন্তর মন্তর থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে। আদালতে তার স্বাস্থ্য নিয়ে করা একটি আবেদনের পর এই পদক্ষেপ নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার ঘটনা আন্দোলনকে আরও আলোচনায় নিয়ে আসে।

এদিকে, আন্দোলনে একে একে সংহতি জানাতে এসেছেন বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা। গত রোববার সন্ধ্যায় যন্তর মন্তরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন অভিনেত্রী শাবানা আজমি। সেখানে কয়েক দিন ধরে অনশনরত এক নারী আন্দোলনকারীর পাশে বসে তার হাত ধরে চুম্বন করেন শাবানা। পরে স্নেহভরে তার মুখে হাত বুলিয়ে সাহস জোগান। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে একে আন্দোলনের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। মঞ্চে বক্তব্য দিয়ে শাবানা বলেন, তিনি সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আছেন।

অভিনেতা প্রকাশ রাজও আন্দোলনে যোগ দিয়ে বলেন, ‘আজ রাতে আমি আপনাদের সঙ্গেই আছি। সামনে কী হয়, আমরা দেখব।’ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনস্থল থেকে ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘আমাদের দেশের তরুণেরা শুধু প্রশ্ন করছে।’ ভিডিওতে তার পেছনে আন্দোলনকারীদের স্লোগান দিতে দেখা যায়।

এর আগে অভিনেত্রী পুনম পান্ডেও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়; এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েকটি বিষয়।