ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে নির্ধারিত ক্রিকেট সিরিজটি আয়োজনের মাধ্যমে দুই দেশের ক্রীড়া সম্পর্ককে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। মিরপুরের সুইমিং কমপ্লেক্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেট আমাদের কাছে শুধু খেলা নয়, এটি একটি মর্যাদার বিষয়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান শক্তিশালী। বিগত সময়ে বিশ্বকাপকে কেন্দ্র করে কিছু টানাপোড়েন তৈরি হয়েছিল, তবে আমরা মনে করি সেটা কাটিয়ে উঠতে পারব। ইতিমধ্যে ভারতীয় দূতাবাসের সঙ্গেও আমি আলোচনা করেছি। তারাও সেপ্টেম্বরে দল পাঠানোর অপেক্ষায় রয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘ছোট একটি ঘটনার কারণে তৈরি হওয়া তিক্ততা ভুলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পার্শ্ববর্তী সব দেশের সঙ্গেই ক্রীড়া কূটনীতি, যোগাযোগ ও চলাচল স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর।’

উল্লেখ্য, ভারতীয় দলের তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ নিয়ে গত বছর ঢাকায় সিরিজ হওয়ার কথা থাকলেও কূটনৈতিক উত্তেজনায় তা পিছিয়ে যায়। এর মধ্যে চলতি বছরের মার্চে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অন্তর্বর্তী সরকার টি-টুয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও চাপের মুখে পড়ে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিসিবি ভারত সিরিজের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির কার্যক্রম স্থগিত রাখে। তবে প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে সেই ধোঁয়াশা কাটার ইঙ্গিত মিলেছে।

একইসঙ্গে প্রতিমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর অগ্রগতি নিয়েও কথা বলেন। গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মে ও জুন মাস জুড়ে উপজেলা, জেলা, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ের খেলাগুলো সম্পন্ন হয়েছে। আগামী ২৭ জুলাই বিকেল চারটায় আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে সেরা ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।